সময় কলকাতা ডেস্কঃ গুজরাটের সেতু বিপর্যয়ের ঘটনায় মানবিকতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার দাবি, গুজরাটের সেতু বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাঁদের কঠোর শাস্তি হোক। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি জানান মমতা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”এই ধরনের দুর্ঘটনা সব রাজ্যেই ঘটে। এতে সরকারের কিছু করার থাকে না। তবে সব সেতুর আরও বেশি বেশি অডিট হওয়া উচিত। যারা এত মানুষের জীবন নিয়ে খেলছে তাদের শাস্তি হওয়া উচিত।”
২০১৬ সালে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ”দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড।” কিন্তু মুখ্যমন্ত্রী সেই পথে না হেঁটে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ছট পুজোর প্রার্থনা চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাচ্ছু নদীর উপরের শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু। মেরামতির কাজের জন্য গত সাত মাস বন্ধ ছিল সেতুটি। প্রায় ২ কোটি টাকা দিয়ে মেরামতির পর গুজরাটি নববর্ষে, অর্থাৎ গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় এই সেতু। এদিন ছট পুজো উপলক্ষে ব্রিজটির উপর প্রায় ৫০০ লোকের জমায়েত হয়েছিল। অত্যাধিক ভিড়ের চাপ সহ্য করতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর