সময় কলকাতা ডেস্কঃ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। তবে লাখ নয়, ভাগ্যের চাকা ঘুরে গিয়ে ঠেকলো একবারে কোটিতে। মাত্র ৩০ টাকার লটারির টিকিট কেটে যে এভাবে রাতারাতি কোটিপতি হবেন, তা কখনও স্বপ্নেও ভাবতে পারেননি শ্যালক এবং ভগ্নিপতি। লটারির টিকিট রাতারাতি বদলে দিল ভাগ্য। খুশির হাওয়া পরিবারে।
রাজ্য-জুড়ে ডিয়ার লটারি দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জিতলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহা এবং কৃষ্ণ দাস। কিছুদিন আগেই ডিয়ার লটারির দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহার একটি ছোট পানের দোকান রয়েছে। সেই দোকান থেকেই অতি কষ্টে দিন যাপন করত সে। আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে সংগ্রাম করে দৈনন্দিন জীবন চালাতে হত। তবে জীবনের লড়াইয়ে কখনো হার মানেনি পিন্টু। সংসার চালাতে সব সময় কঠোর পরিশ্রম করে গিয়েছে সে। আর পিন্টুর সেই দৈনন্দিন সংগ্রামে তার পাশে থাকতো শ্যালক কৃষ্ণ দাস। কথাতেই আছে “কষ্ট করলে কেষ্ট মেলে”। তাই রাতারাতি এই ভাবে ভাগ্য বদলে গেল শ্যালক এবং ভগ্নিপতির। মঙ্গলবার সন্ধ্যেবেলায় চা খেতে খেতে একটি লটারির দোকান থেকে শ্যালক এবং ভগ্নিপতি মিলে টিকিট কাটে। ডিয়ার লটারির ওই টিকিটের খেলা ছিল এদিনই সন্ধ্যে ৬ টার সময়। কিছুক্ষণ পরে খেলার ফলাফল দেখতেই আনন্দে আত্মহারা দুই জনেই। সবটাই যেন ছিল তাদের কাছে স্বপ্ন।
জানা গিয়েছে,পুরস্কারের এই কোটি টাকা সমান ভাগে ভাগ করে নেবে শ্যালক এবং ভগ্নিপতি। আগেও যে ভাবে তারা এক সঙ্গে থাকতো বর্তমানেও থাকবে। স্বাভাবিক ভাবে সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের কাছে রাতারাতি কোটিপতি হওয়া কোন অসাধ্য সাধনের থেকে কম নয়। ফলাফল আসার সাথে সাথেই সুরক্ষার কথা ভেবে তারা দৌড়ে যায় হরিশ্চন্দ্রপুর থানায়। পুরস্কার পাওয়া পর্যন্ত তাদের সুরক্ষার সব দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের।

এ প্রসঙ্গে কোটিপতি পান বিক্রেতা পিন্টু সাহা বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। আমার শ্যালক সব সময় আমার পাশে থেকেছে। ভবিষ্যতেও আমরা এই ভাবে থাকবো। সকলকে এক সাথে নিয়ে চলবো।’
অন্যদিকে লটারির টিকিট বিক্রেতা রমেন গুপ্তা বলেন, ‘লটারির টিকিট খেলার মধ্যে কোন দুর্নীতি নেই। এটা ভাগ্যের ব্যাপার যাদের পাওয়ার ঠিক পাবে। মানুষ কিভাবে কাটবে সেটা মানুষের কাছে। টিকিট কাটলে পুরস্কার পাওয়া যাবে সে রকম কোন কথা নেই।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী