Home » ফের জেল হেফাজতে সায়গল!

ফের জেল হেফাজতে সায়গল!

সময় কলকাতা ডেস্ক: শুক্রবার ফের আদালতে পেশ করা হলে রাউস অ‍্যাভিনিউ আদালত সায়গলকে জেল হেফাজতের নির্দেশ দেয়। গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।দু’দফায় দিল্লিতে ইডি হেফাজতের পর জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ‍্যাভিনিউ আদালত। এবার সায়গলকে তিহার জেলে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই সায়গলের স্ত্রী, মা এবং শ্যালককে দিল্লিতে তলব করেছে ইডি। সায়গলের হোসেনের সামনে তাঁর স্ত্রী, মা ও শ্যালককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয় সায়গলকে। আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। তদন্তে অসহযোগিতা করায় সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। সেখানেও ধাক্কা খাওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউতে পিএমএলএ আদালতে আবেদন করে ইডি। অবশেষে ইডির আরজি মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পায় ইডি।

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই মরিয়া ইডি।

About Post Author