সময় কলকাতা ডেস্ক: ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। এবারে ডেঙ্গিতে আক্রান্ত হলেন হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। সূত্রের খবর, শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা।

জানা গিয়েছে, সপরিবারে হায়দরাবাদে গিয়েছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ। ফেরার পর থেকেই অসুস্থ ছিলেন সাংসদের স্বামী ও মেয়ে। দু’জনেরই প্রবল জ্বর থাকায় চিকিৎসকের কাছে যান তাঁরা। রক্তপরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। সেই অনুযায়ী শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান তাঁরা। রিপোর্ট পজিটিভ আসে। তারপরই ডেঙ্গু সংক্রমণ নিয়ে সাংসদের স্বামী ও সন্তানকে শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সাংসদের রিপোর্ট নেগেটিভ।

সম্প্রতি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসক, মুখ্যত স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? সেবিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযান কতটা হচ্ছে? ঠিকমতো মানুষের কাছে প্রচার করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডস্তরে মাইক্রো প্ল্যান করার নির্দেশও দেন তিনি। এমনকী আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র