Home » এবার ভারতে কর্মী ছাঁটাই শুরু টুইটারের 

এবার ভারতে কর্মী ছাঁটাই শুরু টুইটারের 

সময় কলকাতা ডেস্ক: এবার ভারতেও কর্মী ছাঁটাই শুরু করলেন এলন মাস্ক। সূত্রের খবর, শুক্রবার থেকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে টুইটার। বর্তমানে বিশ্বজুড়ে টুইটারের কর্মী সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০। সেই সংখ্যা অর্ধেক করতে টুইটারের বর্তমান মালিক। তবে এখনও পর্যন্ত কতজন কর্মী চাকরি হারিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

শুক্রবার সকাল থেকে বহু জায়গায় মাইক্রোব্লগিং সাইটের পরিষেবা ব্যাহত। মাস্ক সমস্ত কর্মীকেই ই-মেল করে জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার থেকেই কর্মী ছাঁটাই শুরু হবে। টুইটারকে সঠিক পথে নিয়ে যেতে বিশ্বব্যাপী সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে হবে, দাবি মাস্কের। এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে মাস্ক। নোটিস না দিয়ে কর্মী ছাঁটাই করায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে এই সংস্থার বিরুদ্ধে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author