Home » পিছিয়ে গেল ‘আদিপুরুষ’-এর মুক্তির দিন

পিছিয়ে গেল ‘আদিপুরুষ’-এর মুক্তির দিন

সময় কলকাতা ডেস্কঃ পিছিয়ে গেল ‘আদিপুরুষ’-এর মুক্তির দিন।জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটি। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এমনটাই জানানো হয়েছে ছবির নির্মাতাদের পক্ষ থেকে।   

সম্প্রতি ছবির গ্রাফিক্স নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল পরিচালককে। এমনকী ছবি থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত। হিন্দু সেনার তরফে জানানো হয়েছে, ধর্মীয় চরিত্রগুলিকে ভুলভাবে তুলে ধরায় হিন্দুদের ধর্মীয়ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁরা এই অভিযোগ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে জানিয়েও কোনও উত্তর মেলেনি।

‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত। এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়াচ্ছে এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে। ‘আদিপুরুষ’ ছবিতে ‘রাবণ’-এর ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। রামের ভূমিকায় প্রভাস, হনুমানের চরিত্রে দেখা গিয়েছে দেবদত্ত নাগেকে। তবে এই চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরা হয়েছে তা নিয়েই আপত্তি বিভিন্ন মহলে।

About Post Author