সময় কলকাতা ডেস্কঃ ঘুড়ি কিনে দেওয়ার নাম করে আট বছরের শিশুকে অপহরণের পর খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার এ কে গোপালন কলোনি এলাকায়। মৃত শিশুর নাম দীপ হালদার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই নাবালকের মা নেই,বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। তাই সে তার ঠাকুরমার কাছেই থাকত। শনিবার বিকেলে মানস সিং নামের প্রতিবেশী এক যুবক ওই নাবালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘুড়ি কিনে দেওয়ার জন্য। তারপর থেকেই কোনও খোঁজ পাওয়া যায়নি দীপের। এদিকে সন্ধা গড়িয়ে রাত হয়ে গেলেও ওই নাবালক বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যেরা। স্থানীয়দের বাড়ি সহ আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেও শেষ পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পরিবারের তরফে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। রবিবার তারা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মানস সিং-কে গ্রেফতারও করে। সেইসঙ্গে অভিযুক্তের বাবা,মা ও বোনকেও গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুকে শনিবার রাতেই খুন করে অভিযুক্ত মানস সিং। এরপরে ওই শিশুটির হাত-পাঁ বেঁধে বস্তায় ভরে বাড়ির পাশেই একটি পরিত্যক্ত খাঁড়িতে ফেলে দেওয়া হয়। আর রবিবার সন্ধ্যা না হতেই পুলিশ অভিযুক্তের বাড়ির পাশেই আত্রেয়ী খাঁড়িতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুরের পাশাপাশি থানায় এসেও বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি মোকাবিলা করতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক এবং তার পরিবারের বেশ কয়েকজন শিশু বিক্রি ব্যবসার সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে অভিযুক্তরা প্রত্যেকেই বালুরঘাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী