Home » রাষ্ট্রপতি সম্পর্কে করা বিস্ফোরক মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন অখিল গিরি

রাষ্ট্রপতি সম্পর্কে করা বিস্ফোরক মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন অখিল গিরি

সময় কলকাতা ডেস্কঃ নন্দীগ্রামের একটি জনসভা থেকে নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর প্রতিবাদ জানাতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই ঘটনার পর থেকেই সরব হয়েছেন বঙ্গবিজেপি।

ইতিমধ্যেই তৃণমূল নেতার পদত্যাগের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তারই মধ্যে এবার রাষ্ট্রপতি সম্পর্কে করা বিস্ফোরক মন্তব্যের কারণে ক্ষমা চেয়ে নিলেন খোদ অখিল গিরি। শনিবার ক্ষমা চেয়ে তিনি জানান,কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী তাঁকে অপমান করছেন। কখনও ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, আবার কখনও ‘কাকের মত দেখতে’ বলে কটাক্ষ করেছেন।আর সেই কারণেই শুভেন্দুকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাষ্ট্রপতিকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেই দাবি রাজ্যের কারা প্রতিমন্ত্রীর।

প্রসঙ্গত,নন্দীগ্রামের একটি জনসভা থেকে নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর প্রতিবাদ জানাতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি নাকি দেখতে খারাপ। নিজের রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!’ আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

শুক্রবার নন্দীগ্রামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করে অখিল গিরি বলেন, ‘বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে এহেন মন্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। ইতিমধ্যেই অখিল গিরির সেই বক্তব্যের ক্লিপিংস একটি টুইট করে বিজেপির মুখপাত্র অমিত মালব্য লেখেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যের আরও এক মন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এই ঘটনা লজ্জাজনক!’ পাশাপাশি, অখিল গিরির মন্তব্যের নিন্দা করে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। অবিলম্বে অখিল গিরির বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন তিনি।

তবে এদিন শুধু রাষ্ট্রপতিকেই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করে অখিল গিরি বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলেন, তাহলেই শুভেন্দু অধিকারীর হাত-পাঁজর সব ভেঙে দেব। আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আমরা অশান্তি চাই না।’

About Post Author