সময় কলকাতা ডেস্কঃ কেরলে রাজ্য -রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজ্যপাল আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে থাকবেন না, এই বিষয়েই শনিবার অর্ডিন্যান্স জারি করে কেরল সরকার। ওই পদে বসানো হবে শিক্ষা জগতের কোন বিশিষ্টজনকে।এর আগে বুধবারই কেরলের সিপিএম সরকার ঘোষণা করেছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপাল আরিফ মহম্মদ খান যেভাবে ক্ষমতা প্রয়োগের পথে হাঁটছেন তার অবসানে তাঁকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়া ছাড়া কোনও উপায় নেই। এই মর্মে শনিবার অর্ডিন্যান্স জারি করে তা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, রাজ্যপাল অর্ডিন্যান্স জারির খবর শুনেই জানিয়ে দেন, তিনি এটিতে সই করবেন না। পাঠিয়ে দেবেন রাষ্ট্রপতির কাছে। যদিও কেরালার বাম সরকার জানিয়েছে, রাজ্যপাল তাতে সই না করলে তাঁরা বিধানসভায় বিল আনবে আগামী অধিবেশনে।

গত সপ্তাহে রাজ্যপাল কেরল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তাঁর পছন্দের এক অফিসারকে নিয়োগ করেছেন রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই। ওই সিদ্ধান্তের তীব্র আপত্তি তুলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নির্দেশে উচ্চশিক্ষা দফতর হাইকোর্টে মামলা করে। আদালত রাজ্যপালের সিদ্ধান্তে আপত্তি তুলে রাজভবনের জবাব তলব করেছে। এর আগে রাজ্যপাল আরিফ মহম্মদ খান ৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ২৪ ঘণ্টার নোটিসে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশও খারিজ করে দেয় আদালত।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা