Home » মিজোরামের ধসের ঘটনায় উদ্ধার ৮ শ্রমিকের দেহ

মিজোরামের ধসের ঘটনায় উদ্ধার ৮ শ্রমিকের দেহ

সময় কলকাতা ডেস্কঃ মিজোরামের পাথর খাদানে ধসের ঘটনায় এখন পর্যন্ত আটজনের দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেহগুলি উদ্ধার করার পাশাপাশি বাকিদের খোঁজেও চিরুনি তল্লাশি অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সোমবার দুপুরে ভয়াবহ ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে যান প্রশাসনের আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের পরই তাদের পরিচয় জানা যাবে বলেই সূত্রের খবর। তবে পাথর খাদানে যে কজন শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই বিহারের বাসিন্দা বলেই সূত্রের খবর।

উল্লেখ্য,সোমবার দক্ষিণ মিজোরামের নাহথিয়াল জেলার মাউদারোতে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। কমপক্ষে ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে। খবর পেয়েই পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের বা ওয়াইএমএ-র স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছন। তাদের উদ্ধার কাজে সাহায্যের জন্য ডাকা হয় বিএসএফ এবং অসম রাইফেলসের জওয়ানদেরও। হানথিয়াল জেলার আধিকারিকরা এবং একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে গিয়েছে। রাজ্য সরকারও ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়।

সূত্রের খবর,পাথরের ওই খনিটি মিজোরামের রাজধানী আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলায় অবস্থিত। আর হানাথিয়াল শহর থেকে প্রায় ২৩ কিমি দূরে অবস্থিত মাউদারহ গ্রাম। হানথিয়াল এবং ডন গ্রামের মধ্যে একটি মহাসড়ক তৈরি করা হচ্ছে। তার জন্যই ওই পাথর ভাঙার খনি থেকে বোল্ডার সংগ্রহ করা হচ্ছিল।

About Post Author