সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণপাত করেছেন, তাঁকে সম্মান দিতে কঠিন পরিশ্রম করা উচিত। ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ‘জাতীয় ছুটি’ ঘোষণা সংক্রান্ত আবেদন খারিজ করে এমনই বক্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চের।

নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য অ্যাডভোকেট কে কে রমেশ একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে মামলাকারীকেও ভর্ৎসনা করতে ছাড়েনি। সেই মামলারই শুনানি চলাকালীন আবেদনকারী আইনজীবী কে কে রমেশকে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রের, সুপ্রিম কোর্টে এমন আবেদন অর্থহীন।
জানা গিয়েছে, মামলার সওয়াল-জবাবে সময় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি জানান,‘জনস্বার্থ মামলাকে হাতিয়ার করে আপনারা ছেলেখেলা করছেন। সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা প্রচুর দেখা যাচ্ছে। আদালতে আসার আগে একবার অন্তত ভাবুন, আদালতের কাজ কী। আপনি নিজেও একজন আইনজীবী। আদালতকে আরও গুরুত্ব ও সম্মান দিন।’ যদিও এই জবাবে আইনজীবী বলেন, ‘আমরা শিশুদিবস পালন করছি, বুদ্ধজয়ন্তীও পালন হয়। তাহলে নেতাজির জন্মদিন এভাবে হবে না কেন?’

প্রসঙ্গত,সারা দেশে এখনও পর্যন্ত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, এই তিনটি দিনকে জাতীয় ছুটি হিসেবে গণ্য করা হয়। এর আগেও সেই তালিকায় সুভাষচন্দ্র বসুর জন্মদিন অন্তর্ভুক্ত করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই জানিয়ে এসেছেন। একইসঙ্গে এই দাবি করে এসেছে নেতাজির পার্টি ফরওয়ার্ড ব্লক। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে কোনও সাড়া মেলেনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর