Home » জেলা জুড়ে পালিত বিশ্ব মৎস্য দিবস

জেলা জুড়ে পালিত বিশ্ব মৎস্য দিবস

সময় কলকাতা ডেস্ক: প্রবল উৎসাহ উদ্দীপনায় জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্য দিবস। ১৯৯৭ সালের ২১ শে নভেম্বর দেশের ৩২ টি মৎস‍্যজীবী ইউনিয়নের সদস‍্যরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লিতে একত্রিত হয়েছিলেন। তারপর থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব মৎস‍্য দিবস হিসাবে পালন করেন মৎস‍্যজীবীরা।

রাজ‍্যের অধিকাংশ মৎস‍্যজীবীর বাস দুই ২৪ পরগণা ও মেদিনীপুরে। সেকারণে এই তিন জেলায় মৎস‍্যজীবীরা এই দিনটি পালন করে থাকেন। মূলত “জাল যার – জল তার” এই স্লোগানকে সামনে রেখে এই দিনটি পালন করা হয়েছে।

এছাড়াও জলদূষন রোধ করা, মৎস‍্যজীবীদের একাধিক সমস‍্যা দূর করতেও এই দিনটি পালন করা হয়ে থাকে। দেশের অন‍্যান‍্য অংশের সাথে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও এই দিনটি পালন করা হয়েছে। ডায়মন্ডহারবার পোর্ট কমিশন খালে এই উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে শতাধিক মৎস‍্যজীবী একত্রিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা। অনুষ্ঠান থেকে মৎস‍্যজীবীদের হাতে শংসাপত্রও প্রদান করা হয়।

এ নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস জানান, ‘মৎস‍্যজীবীদের বিভিন্ন দাবি নিয়ে এই দিনটি পালন করা হচ্ছে। মৎস‍্যজীবীদের পাশে ডায়মন্ডহারবার পুরসভা সবসময় আছে। তাদের সুরক্ষার দিকটিও দেখা হচ্ছে। আগামীতে এটি মিনি ফিশিং ল‍্যান্ড হিসাবে গড়ে তোলার একটি পরিকল্পনা করা হচ্ছে।’

 

About Post Author