Home » ফেসবুকের পর ইনস্টাগ্রাম থেকে সরলেন সব্যসাচী

ফেসবুকের পর ইনস্টাগ্রাম থেকে সরলেন সব্যসাচী

সময় কলকাতা ডেস্ক: ঐন্দ্রিলার মৃত্যুর পর ফেসবুকের পর এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সরিয়ে ফেললেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে ফেলছেন অভিনেতা।

ঐন্দ্রিলার মৃত্যুর পর ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নেন সব্যসাচী চৌধুরী। এতদিন তাঁর প্রোফাইলের ডিপিতে ঝলমল করত তাঁদের দুজনের ছবি। ঐন্দ্রিলার মৃত্যুর পর ভেঙে পরেছেন সব্যসাচী। এই মুহূর্তে নিজেকে হয়তো একটু একা রাখতে চান সব্যসাচী, সেই কারণেই সোস্যাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি।

গত ২ নভেম্বর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ঐন্দ্রিলা। তার পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন ঐন্দ্রিলা। এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্‌যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। শনিবার রাতে পরিস্থিতি আরও কঠিন, তবুও জারি ছিল লড়াই। সারা রাত জুড়ে একের পর এক হার্ট অ্যাটাক। সারারাতে অন্তত ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। সিপিআর দেওয়া হয় অভিনেত্রীকে। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার শরীরে কোন সাড় ছিল না। রবিবার দুপুরে থেমে যায় ঐন্দ্রিলার জীবন সংগ্রাম।

এর আগে মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন। একবার নয় দু-দু’বার এই লড়াইয়ে জিতে ফিরে এসেছিলেন অভিনেত্রী। তারপর বেশ কিছুদিন সুস্থই ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর এবং সব্যসাচীর ভক্তরা তাঁর আরোগ্য কামনা করতে থাকেন। সকলেই প্রার্থনা করেন প্রতিবারের মতোই এবারেও যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। কিন্তু সবটাই বিফল করে অন্য জীবনে পাড়ি দিলেন অভিনেত্রী। সকলের প্রার্থনাকে পিছনে ফেলে চলে গেলেন অনন্তলোকে।

About Post Author