Home » মানিকের জামিনের আবেদন খারিজ

মানিকের জামিনের আবেদন খারিজ

সময় কলকাতা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন খারিজ করে আদালত।

বৃহস্পতিবার মানিক ভট্টাচার্যকে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। এদিন নিয়োগ দুর্নীতি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক তথ্য তুলে ধরল ইডি। এরপর মানিক ভট্টাচার্যকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

কলামন্দিরে হওয়া একটি মিটিংয়েই একেকটি বেসরকারি বিএড ও ডিএলএড কলেজের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। ওই টাকা জমা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যর ছেলের সংস্থার ব‌্যাংক অ‌্যাকাউন্টে। ওই মিটিংয়ে বক্তব‌্য রেখেছিলেন মানিক ভট্টাচার্য, এমনটাই দাবি করেছে ইডি।

উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা আগেই দাবি করেছিল, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা।

About Post Author