Home » আমি রাজনীতির লোক নই, রাজনীতি করি না: মিঠুন

আমি রাজনীতির লোক নই, রাজনীতি করি না: মিঠুন

সময় কলকাতা ডেস্কঃ ‘আমি রাজনীতির লোক নই, রাজনীতি করি না। আমি মানুষের নীতি করি, তাই মানুষের কথা শুনতে হবে।’ বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়ার সভামঞ্চে দাঁড়িয়ে এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী। এমনকী কোনও রাজনৈতিক প্রচারের জন্য বাঁকুড়ায় আসেননি বলেও জানিয়েছেন তিনি। যদিও এদিন তাঁকে খুব বেশি বক্তব্য রাখতে দেখা যায়নি। তবে সভামঞ্চ থেকে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব অভিযোগও শোনেন।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। আর তার জন্য এখন থেকেই জোরদার প্রচারে নেমেছে বিজেপি। তাই পদ্মশিবিরকে চাঙ্গা করতে ফের রাজ্যে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। যদিও কলকাতা বিমানবন্দরে পা রেখে মিঠুন জানান, দলের সভাপতির নির্দেশেই এসেছেন তিনি। জানা গিয়েছে, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করবেন মিঠুন। এমনকী অনুব্রতর গড় বোলপুরেও প্রচার করবেন তিনি। ২৪ তারিখ বাঁকুড়ায় প্রচার সভা ছিল তাঁর। এদিন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দুর্লভপুরে একটি বেসরকারি লজে সাংগঠনিক বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকের শেষে তিনি বিধায়ক চন্দনা বাউরির বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। সেখান থেকে বিকেলে মেজিয়ায় কর্মী সম্মেলনে যোগদান করেন। মিঠুনকে সামনে পেয়ে স্বাভাবিকভাবে উৎসাহিত কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। কার্যত কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী। পুরুলিয়া দিয়েই তিনি দলীয় প্রচার শুরু করেন। আর বীরভূম দিয়ে প্রচার শেষ করবেন বলেই জানা গিয়েছে। টানা পাঁচ দিন ধরে বাংলার পাঁচ জেলায় ঘুরবেন তিনি।

সূত্রের খবর,মিঠুন চক্রবর্তীর পাঁচ দিনের এই জেলা সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও থাকবেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মিঠুন চক্রবর্তী গোটা দেশের আইকন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।’
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্যে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।

About Post Author