Home » রাস্তার বেহাল দশা,বিক্ষোভ গ্রামবাসীদের

রাস্তার বেহাল দশা,বিক্ষোভ গ্রামবাসীদের

সময় কলকাতা ডেস্কঃ ভোট আসে ভোট যায়, কিন্তু দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ময়দা গ্রাম পঞ্চায়েতের ন’পুকুরিয়া এলাকার মানুষের দুর্দশা যেন কিছুতেই ঘোঁচে না। গ্রামের একমাত্র চলাচলের রাস্তার দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা। যার জেরে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। নিত্যদিনই দুর্ঘটনা লেগেই রয়েছে। আর এবার সেই রাস্তা সারাইয়ের দাবিতে পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামের মানুষজন। রীতিমতো ফ্লেক্স, ফেস্টুন টাঙিয়ে চলছে জোরদার আন্দোলন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা।

স্থানীয়দের অভিযোগ্ দীর্ঘ ১০ বছর যাবৎ গ্রামের বেহাল রাস্তার কথা স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এমনকি বিধায়ককে জানিয়েও অমিল সুরাহা। একাধিকবার প্রতিশ্রুতি দিলেও প্রশাসনের তরফে এই রাস্তা সারাইয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়না। এমনকী ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভোটে মিটে গেলে সেই প্রতিশ্রুতি পালন করা হয় না বলেই অভিযোগ গ্রামবাসীদের। আর সেই কারণেই এবার পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সংস্কার না হলে গ্রামের মানুষ কোনও ভোট দেবে না বলেই জানিয়ে দিয়েছেন। তাঁদের দাবি, প্রতি নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা গ্রামে আসেন ভোট চাইতে এবং এই রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট হয়ে গেলে এই রাস্তা সংস্কারের কোন কাজ হয় না।

এ বিষয়ে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস বলেন, ‘এই ন’পুকুরিয়া গ্রাম ময়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন যাবৎ এসইউসিআই-এর দলের দখলে ছিল। ওই পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামের মানুষ রাস্তাঘাট,পানীয় জল,বিদ্যুৎ থেকে শুরু করে নানাভাবে বঞ্চিত ছিল। মাত্র পাঁচ মাস হল তৃণমূল ওই পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে। ওই গ্রামের মানুষের দাবি যথার্থ। যত তাড়াতাড়ি সম্ভব তাদের দাবি অনুযায়ী রাস্তা সারানোর চেষ্টা করার কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।’

About Post Author