সময় কলকাতা ডেস্ক: চলতি মাসেই মুখ্যমন্ত্রীর বসিরহাট সফর। আগামী ২৯শে নভেম্বর সুন্দরবন ও টাকি সফরে আসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই টাকি পুর এলাকায় পুকুরের উপর অবৈধ নির্মাণের ছবি ধরা পড়ল। টাকি পুরসভার ৬নং ওয়ার্ডের মতিঝিল পুকুরের উপরে ইট, বালি ও মাটি ফেলে তৈরি করা হচ্ছে কংক্রিটের বিল্ডিং ।
এলাকাবাসীদের অভিযোগ,এর আগেও সেখানে অবৈধ নির্মাণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইছামতি বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুলিশ, বিডিও এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তৎপরতায় সেই নির্মাণ কার্য থেমে যায়। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই নির্মাণের বৈধ কোন প্লান পাশ হয়নি পুরসভার পক্ষ থেকে। তাহলে প্রশ্ন উঠছে সেখানে নির্মাণ কাজ চলছে কি করে?
ইছামতি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্মাণ অবৈধ। এবহু প্রাচীন এই ঝিলের উপর অবৈধ নির্মাণ বাস্তুতন্ত্রের উপরে আঘাত হানতে পারে। যদিও টাকি পুরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস জানান, পুরসভা থেকে সমস্ত প্লান পাশ করিয়েই নির্মাণকারীরা এই বিল্ডিং তৈরি করছে।


More Stories
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান