Home » লুসাইলে শাপমোচন, মেসির দুরন্ত গোল! কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যাবর্তন

লুসাইলে শাপমোচন, মেসির দুরন্ত গোল! কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যাবর্তন

সময় কলকাতা ডেস্ক:  লুসেইলে শাপ মোচন। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে পরের পর্বে খেলার আশা জিইয়ে রাখল আর্জেন্টিনা। যদিও শেষ ষোলোর অঙ্ক এখনও বেশ জটিল মেসি বাহিনীর কাছে। গ্ৰুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ লেওয়ানডস্কির পোল্যান্ড। পোল্যান্ডকে হারালে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবেন মেসিরা। ম্যাচ ড্র হলে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো ও সৌদি আরবের দিকে।

গ্ৰুপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর মেক্সিকোর বিরুদ্ধে চাপ নিয়েই মাঠে নেমেছিল স্কালনির আর্জেন্টিনা। শনিবার জিততে না পারলে কাতার থেকেও শূন্য হাতে ফিরতে হত আর্জেন্টিনাকে। এদিন শুরুটাও ভালো হয়নি নীল সাদা বাহিনীর। এদিন ম্যাচে প্রথম দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনি। চারজন ডিফেন্ডারের মধ্যে তিনজনকে পরিবর্তন করেন। মাঝমাঠেও বেশ কিছু পরিবর্তন আনেন। কিন্তু খেলায় বিশেষ কোনও পরিবর্তন হয়নি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য। গোল তো দূরের কথা ম্যাচের প্রথমার্ধে বিপক্ষের গোলমুখী শট নিতেও ব্যর্থ হয় মেসি, মার্টিনেজ, দি মারিয়ারা। এই দল যে বিশ্বকাপের আগে ৩৬ ম্যাচে অপরাজিত তা নীল সাদা বাহিনীর খেলা দেখে বোঝার উপায় নেই।

সময় দ্রুত এগিয়েছে আর বেড়েছে বিশ্বের অগণিত আর্জেন্টিনা ও মেসি অনুরাগীদের রক্তচাপ। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার প্রয়োজন ছিল একজন পরিত্রাতার। ঠিক এমন সময় তিনি ফের একবার প্রমান করলেন যে তিনি ফুরিয়ে যাননি। তিনি লিওনেল মেসি। ম্যাচের ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে দি মারিয়ার পাস ধরে গড়ানে শট রাখলেন দ্বিতীয় পোস্টে। অভিজ্ঞ মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া বাঁ দিকে শরীর ছুড়ে দিয়েও বলের নাগাল পেলেন না। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটার পর বদলে যায় আর্জেন্টিনার খেলোয়াড়দের শরীরি ভাষা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ আঁচড়ে পড়ে মেক্সিকোর বক্সে। কোনও রকমে আক্রমণের সামাল দিচ্ছিলেন মেক্সিকান ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। ডি পলের নেওয়া শর্ট কর্নার ধরে মেসি বল বাড়িয়ে দেন পরিবর্ত হিসেবে মাঠে নাম এনজো ফার্নান্দেজকে। মেসির থেকে বল নিয়ে মক্সিকো গোল রক্ষককে দুরন্ত দক্ষতায় পরাস্ত করেন বেনফিকার ২১ বছরের মিডফিল্ডার। তখন লুসাইলে কান পাতা দায়। প্রত্যাবর্তনের উৎসবে মেতে উঠেছেন স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত হাজারও আর্জেন্টিনা সমর্থক। ঠিক ৩৬ বছর আগে যে মেক্সিকোর মাটিতে শেষ বিশ্বকাপ জিতেছিল মারাদোনার আরজেন্টিনা, সেই মেক্সিকোর বিরুদ্ধে জয় দিয়ে কী নতুন ইতিহাস লিখতে পারবে মেসির আর্জেন্টিনা ? অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকরা।

About Post Author