Home » ইস্টবেঙ্গল আবার জয়ের রাস্তায়

ইস্টবেঙ্গল আবার জয়ের রাস্তায়

সময় কলকাতা ডেস্ক : বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই  ভারতীয় সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ আইএসএল চলছে। হায়দ্রাবাদ এফসি বা মুম্বাই সিটি এফসির মত সাফল্য না পেলেও  মাঝেমধ্যেই জয়ের মুখ দেখছে ইস্টবেঙ্গল। একদিকে যখন ব্রাজিল মাঠ কাঁপাচ্ছে তখন ইস্টবেঙ্গলের হয়ে এ মরশুমে ধারাবাহিকভাবে গোল করে  চলেছেন ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা। আর অধিকাংশ ক্ষেত্রেই তাঁর গোল করার কারিগর হচ্ছেন উদীয়মান ফুটবলার নওরেম মহেশ সিং। এবার যেন ক্লেটন -মহেশের যুগলবন্দীর ওপরেই নির্ভর করছে ইস্টবেঙ্গলের সাফল্য। এর আগেও বেঙ্গালুরু এফসি ম্যাচে জয়ের গোলটি এসেছিল মহেশের পাশ থেকে ক্লেটনের ফিনিশিংয়ে। ওড়িশা  ম্যাচেও ইস্টবেঙ্গল ম্যাচের শুরুতেই দু গোল দিয়ে ভালো শুরু করলেও  শেষ পর্যন্ত চার গোল হজম করতে হয়েছিল। রবিবার আবার জয়ের রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল। ৩-১ গোলে অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি বিরুদ্ধে জয়ের দিন ইস্টবেঙ্গল দলকে  রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হতে দেখা যায় এর মধ্যে অন্যতম ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে  পেনাল্টির সিদ্ধান্ত। এদিন ম্যাচে জোড়া গোল ক্লেটন সিলভার। অবশ্য তার আগেই খেলা শুরুর ২ মিনিটে প্রথম  গোলটি করেন সুহের। তিনটি গোলের স্থপতি হয়ে আবার অনবদ্য হয়ে উঠলেন নওরেম মহেশ সিং।

 

গত মরশুমে ইস্টবেঙ্গলের একমাত্র জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন মহেশ। এবার তিনি অনেক পরিণত, অনেক ধারালো। এটিকে মোহনবাগান ম্যাচের দিনও তিনি চোখে পড়েছিলেন। ক্রমাগত উন্নতি করে চলেছেন পাহাড়ি ছেলেটি। মূলত ক্লেটন ও মহেশে ভর করেই ৮ ম্যাচে ৩ জয়ের সুবাদে ৯ পয়েন্ট নিয়ে গ্রূপে আট নম্বরে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে আইএসএলে শীর্ষ স্থান ধরে রাখা হায়দ্রাবাদ এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান  মাত্র ৭ পয়েন্ট। কোচ কনস্ট্যান্টাইন আগেভাগে জানিয়ে রেখেছেন দলের প্রথম লক্ষ্য  শীর্ষ ৬টি দলের মধ্যে থাকা। এই স্বপ্ন দেখতেই পারে ইস্টবেঙ্গল। চড়াই উৎরাই ভেঙে চলতে থাকা ইস্টবেঙ্গল বিগত দু বছরের চেয়ে কিছুটা হলেও যে ভালো শুরু করেছে।।

About Post Author