Home » প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম- এর নেতা মানব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৪ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরপর দুবার তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। আগস্ট মাসে দ্বিতীয়বার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভর্তি ছিলেন মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। মঙ্গলবার সকালে সেখানেই জীবনাবসান হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকাহত বামফ্রন্ট। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিপিআইএম- এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যরা। বুধবার দুপুরে মানব মুখোপাধ্যায়ের মরদেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে বলেই দলীয় সূত্র মারফত জানা গিয়েছে। সেখানেই প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে পারবেন দলীয় নেতা-কর্মীরা।


উল্লেখ্য,১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার সিপিআইএম-এর হয়ে ভোটের ময়দানে লড়াই করেছিলেন মানব মুখোপাধ্যায়। সেবার জিতে বিধায়কও হয়েছিলেন তিনি। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটার বিধায়ক ছিলেন তিনি। ওই বছর বিধানসভা নির্বাচনে আর লড়েননি তিনি। বামফ্রন্ট সরকারের আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বারের মন্ত্রীও হয়েছিলেন তিনি। তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন মানব মুখোপাধ্যায়। পরে পর্যটন মন্ত্রী হয়েছিলেন।

About Post Author