বিশ্বজিৎ হীরা ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ৪ অগাস্ট : “থামানো হোক,না হয় তাড়ানো হোক “-নেতাজির পরে শিবাজী কে অপমান প্রসঙ্গে অবশেষে দলেই আক্রমণের মুখে অনন্ত মহারাজ ।এবার দলীয় সাংসদের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির বিধায়ক। অহেতুক কথা বলার সীমা অতিক্রম করেছেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, একথা জানিয়ে তাকে দল থেকে বহিষ্কারের আবেদন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহের। সামাজিক গণমাধ্যমে তাঁর পোস্টে রীতিমতো অগ্নিবর্ষণ করে মানব গুহ জানিয়েছেন, সব ধরনের সহ্যসীমা অতিক্রম করেছেন অনন্ত মহারাজ।

সম্প্রতি রাজ্যের বহুল চর্চিত এবং বিতর্কিত বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য। অনন্ত মহারাজ বলেছিলেন নেতাজির “বাপের ক্ষমতা” ছিল না আইএনএ তৈরি করা, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এহেন মন্তব্যের পরেই কার্যত রাজ্যে শুরু হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায় যুদ্ধ। রাজবংশী সম্প্রদায়ের কিছু মানুষ নেতাজিকে অপমান করার জন্য সামাজিক প্রচার মাধ্যমে একের পর এক এ আই দিয়ে বানানো নেতাজি সম্পর্কিত বিতর্কিত ছবি পোস্ট করতে শুরু করে।। পাল্টা এআই দিয়ে বানানো অনন্ত মহারাজের ছবি সামাজিক প্রচার মাধ্যমে পোস্ট করতে শুরু করে নেতাজী প্রেমীরা। কার্যত, নেতাজি সুভাষ চন্দ্রের মর্যাদা নিয়ে লড়াই এতটাই নিম্ন পর্যায়ে নেমে যায় যা সমগ্র ভারতবাসীর কাছে লজ্জার বিষয় হয়ে উঠছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন উঠতে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অপমান দেখেও কেন বিজেপি নেতৃত্ব চুপ। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্থান ঘটানোর জন্যই নেতাজিকে অপমান?
বিবিধ চৰ্চা এবং জল্পনার মাঝেই সম্প্রতি অনন্ত মহারাজের আরেকটি বক্তব্য ভাইরাল হয়। নেতাজির পর এবার অনন্ত মহারাজের টার্গেট শিবাজী। অনন্ত মহারাজের বক্তব্য অনুযায়ী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে সে বিষয়ে নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নাকি একটি তথ্য প্রকাশ করেছে। যে তথ্যে নেপোলিয়ন বোনাপার্ট, ছত্রপতি শিবাজী ও বীর চিলা রায়ের নাম রয়েছে। অনন্ত মহারাজের বক্তব্য অনুযায়ী নেপোলিয়ান বোনাপার্ট এবং ছত্রপতি শিবাজী নিজেদের জন্য লড়াই করেছিলেন । অনন্ত মহারাজের মতে,বীর চিলা রায় দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য লড়াই করেছিলেন । আর এখানেই বেঁধেছে সমস্যা। বেশ কিছুদিন আগে সামাজিক প্রচার মাধ্যমে চর্চা চলছিল, নেতাজির মর্যাদা রক্ষার বিষয়ে বিজেপি নেতৃত্ব চুপ, এরকম মর্যাদা হানিকর প্রশ্ন শিবাজীকে নিয়ে উঠলে বিজেপি কি করবে! বাস্তবে এরকম পরিস্থিতি উদ্ভব হতেই অনন্ত মহারাজ কে তোপ দাগলেন পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। শিবাজী মহারাজ কে নিয়ে অনন্ত মহারাজের বক্তব্য সামাজিক প্রচার মাধ্যমের ট্যাগ করে, মানব গুহ লিখেছেন, অহেতুক কথা বলার একটা লিমিট আছে। অনন্ত মহারাজের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে মানবের বিদ্রুপ -শিবাজী নাকি নিজের জন্য লড়েছিলেন! মেমারির বিধায়ক রাজ্যসভার সাংসদকে আক্রমণ করে বলেছেন “দিনের পর দিন ভাট বকছেন, হয় একে থামানো হোক না হলে তাড়ানো হোক।”


More Stories
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র