সময় কলকাতা ডেস্কঃ দিল্লির লিভ ইন পার্টনার কাণ্ডে নিহত শ্রদ্ধার সুবিচারের দাবিতে সরব আমজনতা। সেই দাবি জানাতে গিয়েই এবার প্রকাশ্য দিবালোকে এক মহিলার হাতে জুতোপেটা খেলেন এক ব্যক্তি। মঙ্গলবার দিল্লি সংলগ্ন ছত্তরপুর এলাকার এই ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। পুলিশের কাছে একটি অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। কিন্তু সুবিচার না পেয়েই ওই ব্যক্তিকে আক্রমণ করেন মহিলা।
জানা গিয়েছে, হিন্দু একতা মঞ্চ নামে একটি সংগঠনের তরফে ‘বেটি বাঁচাও মহাপঞ্চায়েত’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই জুতোপেটার ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে আসেন অজ্ঞাতপরিচয় ওই মহিলা। নীল ওড়নায় মুখ ঢেকে থাকার জন্য তাঁকে চিনতে পারেননি কেউই। মাইকের সামনে এসে কিছু বলতে শুরু করেন তিনি। ওই মহিলার যেটুকু কথা শোনা গিয়েছে, সেখানে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি। মঞ্চে উঠে ওই মহিলা বলতে শুরু করেন,‘গত পাঁচ দিন ধরে পুলিশ আমাকে হেনস্তা করছে। কেউ আমার কোনও কথা কেন শুনছে না।’ এটুকু বলার পরেই মঞ্চে উপস্থিত এক ব্যক্তি ওই মহিলাকে থামিয়ে দিতে চেষ্টা করেন। তাতেই রেগে গিয়ে পায়ের জুতো খুলে ওই ব্যক্তিকে মারতে থাকেন মহিলা। উপস্থিত জনতার কয়েকজন এসে মহিলাকে শান্ত করে মঞ্চ থেকে নামিয়ে দেন।

সূত্রের খবর, মঞ্চে উপস্থিত ব্যক্তির ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে ওই মহিলার মেয়ে। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেও কোনওরকম সুরাহা মেলেনি। তবে স্থানীয় পুলিশের দাবি, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পায়নি তারা। অনুষ্ঠানের মঞ্চে যে ঘটনা ঘটেছে, সেই নিয়েও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর