Home » পোল্যান্ডকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা, হেরেও শেষ ষোলোয় লেওয়ানদোস্কিরা

পোল্যান্ডকে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা, হেরেও শেষ ষোলোয় লেওয়ানদোস্কিরা

সময় কলকাতা,অর্কজ্যোতি ব্যানার্জি: ‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনার দাপট। দাপটের সঙ্গে খেলেই পোল্যান্ডকে ২-০ গোলে হারাল মেসিরা। আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন ম্যাক আলিস্টার ও জুলিয়ান আলভারেজ। এই জয়ের ফলে গ্ৰুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় পৌঁছল নীল সাদা বাহিনী।

গ্ৰুপ-সির প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল মেসিরা। তারপর গ্ৰুপের ম্যাচ গুলিও নক আউট হয়ে যায় লিওনেল স্কালোনির দলের কাছে। মেক্সিকোকে হারালেও আর্জেন্টিনার মূলপর্বে যাওয়া নিয়ে আশঙ্কার কালো মেঘ কাটেনি। এই পরিস্থিতিতে বুধবার ভারতীয় সময় মধ্য রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪ এ শক্তিশালী পোল্যান্ডের মুখোমুখি হয় নীল সাদা বাহিনী। এদিন রাতে আর্জেন্টিনার সমর্থকদের নজর ছিল এই ম্যাচটির দিকে। পোল্যান্ড ম্যাচে প্রথম দলে কিছু বদল করেছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। লিসান্ড্রো মার্টিনেজের বদলে প্রথম দলে ফেরেন রোমারো। এছাড়াও মক্সিকো ম্যাচে দুরন্ত গোল করা এনজো ফার্নান্দেজকেও শুরু থেকে মাঠে নামান কোচ।

প্রথমার্ধ থেকে তিকিতাকা ফুটবলে নজর কারলেন মেসি, দি মারিয়া, রদ্রিগো দি পলরা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরী করলেও গোল করতে ব্যর্থ হন মেসি, আলভারেজরা। এর কৃতিত্ব দিতে হয় পোল্যান্ডের গোলরক্ষক সেজনিকে। একক দক্ষতায় একাধিক গোলমুখী আক্রমণ রুখে দেন জুভেন্টাসের এই পোলিশ গোলরক্ষক। শুধু তাই নয় ম্যাচের ৩৯ মিনিটে মেসিকে বক্সের মধ্যে ফাউল করে বসেন সেজনি। পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির পেনাল্টি বাম দিকে শরীর ছুড়ে বাঁচান তিনি। প্রথমার্ধের বিচারে আর্জেন্টিনা আর গোল পাওয়ার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ান পোল্যান্ডের এই অভিজ্ঞ গোলরক্ষক। যদিও হাল ছাড়েননি নীল সাদা বাহিনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণে ঝড় তুলতে থাকেন দি মারিয়া, মেসি, আলভারেজরা। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় মলিনার ক্রস থেকে কাঙ্খিত গোলটি করেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।প্রথম গোলের পর রক্ষনাত্মক খেলার পরিবর্তে পোল্যান্ডের উপর আরও চাপ বাড়াতে থাকে মেসিরা। ম্যাচের ৬৭ মিনিটে এনজোর রক্ষণভেদী পাস থেকে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। এরপরও অনেক গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। সেজনিকে একা পেয়েও বল বাইরে মারেন ৮০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা লাউটারো মার্টিনেজ। এদিন গোল না পেলেও অনবদ্য ফুটবল খেললেন মেসি। গোটা ম্যাচে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করেলন লেওয়ানদোস্কিরা। এদিন ম্যাচে ৭৬ শতাংশ বলের দখল ছিল এনজো, রদ্রিগো, মেসিদের দখলে। ভাগ্য দেবতা সহায় না হলে লজ্জার হার হজম করে কাতার থেকে ফিরতে হত পোল্যান্ডকে।

গ্ৰুপ সির অন্য ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারাল সৌদি আরবকে। মেক্সিকোর হয়ে দুটি গোল করেন হেনরি মার্টিন ও লুই শ্যাভেজ। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সৌদির হয়ে ব্যবধান কমান সালেম আলদাওসারী। ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরী করে মেক্সিকো। গোলের সুযোগগুলিকে কাজে লাগালে আর্জেন্টিনার সঙ্গে শেষ ষোলোয় পৌঁছে যেতেই পারত ওচোয়া, মরেনোরা। পাশাপাশি প্রথম ম্যাচে চমক দেখালেও পরবর্তী দুটি ম্যাচে হেরে গ্ৰুপ লিগ থেকে বিদায় নিতে হচ্ছে সৌদি আরবকেও। শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেও গোল পার্থক্যে গ্ৰুপ-সির দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পোল্যান্ড।

About Post Author