Home » উত্তপ্ত কোচবিহারের দিনহাটা

উত্তপ্ত কোচবিহারের দিনহাটা

সময় কলকাতা ডেস্কঃ পঞ্চায়েত ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার আগে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে গুরুতর আহত দুই তৃণমূল কর্মী।

স্থানীয় সূত্রে খবর, শনিবার কোচবিহারের দিনহাটা নিগম নগর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল। অন্যদিকে, আমবাড়ী এলাকায় বিজেপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের অভিযোগ, নিগম নগর পথসভা থেকে ফেরার পথে তাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি। ঘটনায় নুর ইসলাম মিয়া ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কংগ্রেস কর্মী গুরুতর আহত হন। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূলের পথসভার পর বিজেপি ২৩ নম্বর মণ্ডলের সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে চড়াও হয় এবং বাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি।দিনহাটা থানায় দু’পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, ‘ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আমবাড়ি বাজারে একটা সভা ছিল। সেই সভার শেষেই বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে তৃণমূলের লোকজন ভাঙচুর চালিয়েছে।‘ যদিও ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে পাল্টা বিজেপি-কে আক্রমণ করেছে শাসক দল।

বছর ঘুরলেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তার আগে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে পারেনি তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে তাই নিজেদের ভিটে-মাটি শক্ত করতে তৎপর শাসকদল। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি বিজেপি। তবে,পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে কোচবিহারের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

About Post Author