সময় কলকাতা ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্য জুড়ে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্র-বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনা। রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, সকেট বোমা। এবার ফের বোমা উদ্ধার হল কাঁকিনাড়ায়। শুক্রবার চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ১৭টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি পরিত্যক্ত গলির মধ্যে পড়েছিল বলে পুলিশের দাবি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িয়ে রয়েছে,তাও খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য,কিছুদিন আগেই কাঁকিনাড়া স্টেশনের কাছে প্রেমচাঁদনগরের লাইন ধারে বোমা ফেটে মৃত্যু হয় এক শিশুর। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটির জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ। মৃত শিশুর নাম চিকু পাসওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে,একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল ছয় বছরের চিকু। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ১১ বছরের মহেশ সাউ নামের অপর এক শিশুর। বিস্ফোরণে কারণে তার একটি হাত গুরুতর জখম হয়েছে। মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ‘যত শীঘ্র সম্ভব জগদ্দল,ভাটপাড়া,কাঁকিনাড়া এলাকার জুয়ার ঠেকগুলি কে বন্ধ করতে হবে। এর আগেও বেশ কয়েকবার রেল লাইনে বোমা পাওয়া গিয়েছিল। বোমা রেখে অনেকেই জুয়া খেলতে যায়। এই জুয়ার ঠেকগুলোকে আগে বন্ধ করে দেওয়া হলে এলাকা থেকে অপরাধমুক্ত করা সম্ভব হবে।
প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যজুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত। একের পর এক বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই প্রশাসনের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। অস্ত্র-বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী