Home » প্রয়াত কিংবদন্তী নাট্যব্যাক্তিত্ব মায়া ঘোষ

প্রয়াত কিংবদন্তী নাট্যব্যাক্তিত্ব মায়া ঘোষ

সময় কলকাতা ডেস্কঃ বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন! প্রয়াত বর্ষীয়ান কিংবদন্তী নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রঙ্গমঞ্চে। পরিবার সূত্রে জানা গিয়েছে,বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার বেলা ১২টা নাগাদ অ্যাকাডেমি চত্বরে তাঁর মরদেহ নিয়ে আসা হয় । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে শুরু করেছেন নাট্যকর্মী এবং নাট্যব্যক্তিত্ব থেকে শুরু করে তাঁর গুণগ্রাহীরা।
বাংলা নাট্যজগতে অন্যতম স্তম্ভ ছিল মায়া ঘোষ। উৎপল দত্তের তৈরি ‘পিপলস্ লিটল থিয়েটার’-দলের সদস্য হিসাবে নাট্যজীবন শুরু করেছিলেন তিনি। এরপর ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন মায়া ঘোষ। পরবর্তীতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নান্দীকারে যোগ দেন মায়া। তারপরই ধীরে ধীরে নান্দীকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি।
যদিও নান্দীকার ছেড়ে পরবর্তীতে অন্য গ্রুপে যোগ দেন মায়া ঘোষ। মনোজ মিত্রের ‘চাক ভাঙা মধু’, মোহিত চট্টোপাধ্যায় এবং বিভাস চক্রবর্তীর ‘রাজরক্ত’ নাটকেও উল্লেখযোগ্য অভিনয় করেছিলেন মায়া ঘোষ। এছাড়াও বেলা অবেলার গল্প,‘সাঁওতাল বিদ্রোহ’, ’অংশীদার’,’বিসর্জন’,’দুই মহল’,‘বদনাম’,’মরুঝঞ্ঝা’,’অর্ধাঙ্গিনী’, ‘ভিয়েতনামের’ মতো নাটকে কাজ করেছেন মায়া ঘোষ। বাংলা নাট্যজগতে নবনাট্য আন্দোলনের মশাল এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও মায়া ঘোষের বিশেষ অবদান ছিল।

About Post Author