সময় কলকাতা ডেস্কঃ সোমবার গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সোমবার ভোট নেওয়া হচ্ছে ৯৩টি আসনে। উত্তর এবং মধ্য গুজরাট মিলিয়ে মোট ১৪টি জেলায় ছড়িয়ে আছে এই আসনগুলি। দ্বিতীয় পর্যায়ে ৩৬ হাজার ইভিএম ব্যবহার করা হচ্ছে। এদিকে, বুথের দায়িত্বে ২৯ হাজার প্রিসাইডিং অফিসার এবং ৮৪ হাজার পোলিং অফিসারকে নিয়োগ করা হয়েছে। এদিনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৩৩ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ২ কোটি ৫৪ লাখ ভোটার। মোট ২৬ হাজার ৪০৯টি বুথে নেওয়া হচ্ছে ভোট।

এদিন আহমেদাবাদে বুথে গিয়ে ভোট দেবেন প্রধানমন্ত্রী তথা গুজরাটের ভূমিপুত্র নরেন্দ্র মোদী। রবিবারই আহমেদাবাদ পৌঁছে যান তিনি। অন্যদিকে এদিন ভোট দেবেন গুজরাটের আরেক ভূমিপুত্র তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গত বুধবার সেখানে প্রথম দফার ভোটগ্রহণ হয়। আগামী ৮ ডিসেম্বর রয়েছে গণনা।
উল্লেখ্য,২৪ এর লোকসভা নির্বাচনের আগে গুজরাটের নির্বাচন স্বাভাবিকভাবেই মোদি-শাহের অগ্নিপরীক্ষা। গুজরাটে বিজেপি টানা ২৭ বছর ক্ষমতায় রয়েছে। এরমধ্যে ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই আট বছরে দল ও সরকারের কাজ বার বার প্রশ্নের মুখে পড়েছে। যদিও, প্রতিবারই পরিস্থিতি সামলে দিয়েছেন মোদি-শাহ। মূলত, বিজেপি-কংগ্রেস দ্বিমুখী লড়াই হলেও এবার ভোট প্রচারে বেশ চমক দেখিয়েছে আম আদমি পার্টিও। যদিও ২০১৮-র নির্বাচনে ভাল ফল করেছিল কংগ্রেস। মোট ৭৭টি আসনে জিতেছিল তাঁরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এবারের ভোটে গুজরাটে প্রচার করেননি ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর