Home » ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড 

ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড 

সময় কলকাতা ডেস্কঃ ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এবার এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন মন্ত্রী শশী পাঁজা। এদিকে,রবিবারই ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,‘আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি। যাতে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হয়। এনআইএ-র তদন্ত করার অধিকার আছে। যেখানে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন সেখানে চাইলে অবশ্যই এনআইএ তদন্ত করতে পারে।’ অন্যদিকে,বিস্ফোরনের ঠিক দুই দিন পর ঘটনাস্থল পরিদর্শনে যান বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড। বোমা না বাজিতে এই বিস্ফোরণ? বিস্ফোরনের উৎসের খোঁজেই তদন্তে নেমেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড।

এদিকে, রবিবারই তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার স্ত্রী লতা রানী মান্না স্বামীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন ভূপতিনগর থানায়। পুলিশকে তিনি জানিয়েছেন,’তার স্বামী,রাজকুমার মান্না বেআইনি আতশবাজি তৈরি করতেন। লতা বহুবার আতশবাজি তৈরিতে বাধা দেওয়া সত্ত্বেও তাঁর কোনও কথাই শুনতেন না রাজকুমার। একইভাবে শনিবারও আতশবাজি তৈরি করার সময় তাঁর স্ত্রী লতারানী মান্না বাড়িতে ছিলেন বলেই জানিয়েছেন। তাই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে এদিন আতশবাজি তৈরি করার সময় কোন কারণে ধূমপান থেকে বিস্ফোরণ হতে পারে বলেই দাবি তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার স্ত্রী লতা রানী মান্নার।’

ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। কেননা ক্রমশই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। সূত্রের খবর,রবিবার ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করতে। পাশপাশি যেখানে দেহগুলি পাওয়া গিয়েছে,সেখানেও পরিদর্শন করবেন তারা। যদিও কী ধরনের বিস্ফোরক তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার বাড়িতে মজুত ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য,শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার কয়েকঘন্টা আগেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। অভিষেকের সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়াবিলা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ৩। সূত্রের খবর, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের জেরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তাঁর দুই ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্নার মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ভূপতিনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে লিখেছেন,‘ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত। ভগবানপুর ২ নম্বর ব্লকের ঘটনা। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছি।

About Post Author