Home » কাতারে সাম্বা ম্যাজিক! কোরিয়া প্রজাতন্ত্রকে দুরমুশ করে শেষ আটে ব্রাজিল 

কাতারে সাম্বা ম্যাজিক! কোরিয়া প্রজাতন্ত্রকে দুরমুশ করে শেষ আটে ব্রাজিল 

সময় কলকাতা,অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মরুদেশে সাম্বা ঝড়। কোরিয়া প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে তিতের দল। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে দোহার স্টেডিয়াম ৯৭৪ এ ব্রাজিলের মুখোমুখি হয় কোরিয়া প্রজাতন্ত্রের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটের কারণে গ্ৰুপ লিগ থেকে ছিটকে যান ব্রাজিল তারকা নেইমার। এদিন কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে শুরু থেকে মাঠে নামেন পিএসজি তারকা।

ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। বক্সের বাঁ দিকে বল ধরে সময় নিয়ে জোরালো শটে ব্রাজিলকে এগিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের ১৩ মিনিটে ফের গোলের সুযোগ পেয়ে যায় ব্রাজিল। এবার বক্সের মধ্যে রিচার্লিসনকে ফাউল করেন কোরিয়ান ডিফেন্ডার। ব্রাজিলের পক্ষে পেনাল্টি দেন রেফারি। রিচার্লিসন পেনাল্টি মারার বল তুলে দেন চোট থেকে ফেরা নেইমারকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি তিনি। গোলকিপারকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পূর্ব এশিয়ার দেশটি। বরং মুহুর্মুহ আক্রমণে বিপক্ষের রক্ষণে ত্রাসের সঞ্চার করেন নেইমার, রিচার্লিসন, ভিনিরা। ম্যাচের ২৯ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান রিচার্লিসন। কোরিয়া রক্ষণের সামনে বল জাগল করে মার্কুইনোসকে পাস দেন রিচার্লিসন। সেই বল থিয়াগো সিলভা হয়ে ফের তাঁর কাছেই ফিরে আসে। ঠান্ডা মাথায় কোরিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন টটেনহ্যাম তারকা। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে ফের ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান লুকাস পাকেতা। প্রত্যাশা ছিল, আরও বড় ব্যবধানে জিতবে ব্রাজিল। কিন্তু কোরিয়ার গোলরক্ষকের সৌজন্যে ব্যবধান আর বাড়েনি।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে কোরিয়া। ম্যাচের ৭৬ মিনিটে কোরিয়ার হয়ে ব্যবধান কমান পেক সিউং হো। জোরালো ভলিতে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করেন তিনি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ব্রাজিলের গোলমুখে পৌঁছেও গিয়েছিল কোরিয়ার ফুটবলাররা। কিন্তু অভিজ্ঞ অ্যালিসন বেকারের তৎপরতায় গোলের ব্যবধান কমাতে ব্যর্থ হয় কোরিয়া। এই জয়ের ফলে বিশ্বকাপে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ লুকা মড্রিচের ক্রোয়েশিয়া।

সোমবার দোহার আল জনাব স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারায় মড্রিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া ও জাপান প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের ফলাফল ছিল ১-১। ম্যাচের ৪৩ মিনিটে মাইডার গোলে এগিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান অভিজ্ঞ ফুটবলার ইভান পেরিসিচ। অতিরিক্ত সময়েও দুটি দলই গোল করতে ব্যর্থ হয়। এরপর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। টাইব্রেকারে ১-৩ গোলে জাপানকে হারায় ক্রোয়েশিয়া। এদিন ট্রাই ব্রেকারে তিনটি গোল বাঁচিয়ে নজির গড়লেন ক্রোয়েশিয়ার ২৭ বছর বয়সী গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। গ্ৰুপ লিগে জার্মানি ও স্পেনকে হারালেও নকআউটে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতাকে পরাস্ত করতে পারল না মরিয়াসুর দল। শেষ ষোলো থেকে বিদায় নিলেও জাপানের হার না মানা লড়াই বহুদিন মনে থেকে যাবে ফুটবলপ্রেমীদের।

About Post Author