Home » ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট 

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট 

সময় কলকাতা ডেস্কঃ ১৫ ডিসেম্বর থেকে আবারও অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের তালিকায় বেশকিছু নতুন নাম সংযোজন হয়েছে। সূত্রের খবর,চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এবছর যোগ দিতে পারেন অরিজিৎ সিং এবং রানি মুখোপাধ্যায়। এছাড়াও মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা,কুমার শানুও এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারে বলেই সূত্রের খবর।

অন্যদিকে এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন অমিতাভ বচ্চন। এবছর অমিতাভ বচ্চন ৮০ বছর সম্পূর্ণ করলেন। সেই কারণে তাঁকে বিশেষ ট্রিবিউট দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগবিকে নিয়ে একটি বিশেষ সেগমেন্টেরও আয়োজন করা হয়েছে বলেই সূত্রের খবর। পাশাপাশি অমিতাভ এবং জয়া বচ্চন অভিনীত অভিমান ছবির প্রদর্শনীর মাধ্যমেই এবছরের ফেস্টিভ্যালের সূচনা হতে চলেছে।

জানা গিয়েছে,আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই এই মর্মে আয়োজককারী কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ অক্টোবর পর্যন্ত। যদিও উৎসবের থিম এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে যাচ্ছেন বলেই দলীয় সূত্রে খবর। সেখান থেকে ফিরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করবেন তিনি।

গত বছরের ২৭ তম চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের বদলে চলতি বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। যা ১ মে পর্যন্ত চলে। এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়। শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলাদা একটা সেগমেন্ট ছিল চলচ্চিত্র উৎসবে।সেখানে ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র মতো কালজয়ী সিনেমাগুলি দেখানো হয়েছে।

About Post Author