সময় কলকাতা ডেস্কঃ ঝালদা পুরসভার জট এখনও কাটেনি। জেলাশাসককে পুরসভার মাথায় বসানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কংগ্রেস। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে কংগ্রেসের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটে ২১ নভেম্বরে পুরপ্রধান সুরেশ আগরওয়াল পরাজিত হন। তারপরেই তাঁকে পদ ছাড়তে হয়। কিন্তু, নতুন পুরপ্রধান বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় আরও জটিলতা। ২৯ নভেম্বর তিন বিরোধী কাউন্সিলর পুরপ্রধান নির্বাচনের জন্য ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার দিনক্ষণ ঠিক করেন। সেইমতো সাত কাউন্সিলরের উপস্থিতিতে ঝালদার চেয়ারম্যান পদে বসেন শীলা চট্টোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের তরফে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট ১৯৯৩, সাবসেকশন ৪, অফসেকশন ১৭ বিধি মেনে ‘অস্থায়ী’ চেয়ারম্যান হিসেবে জবা মাছোয়াড়কে নিয়োগ করা হয়। সেই নির্দেশের বিরোধিতায় কংগ্রেস উচ্চ আদালতে দ্বারস্থ হলে বিচারপতি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করল। ৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী নির্দেশ।
পাশাপাশি, সব পক্ষের হলফনামা তলব করা হয়। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, নতুন চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য করার দায়িত্ব ভাইস চেয়ারম্যানের। ৭ দিনের মধ্যে তাঁর এই কাজ করার কথা। ৩ ডিসেম্বর চেয়ারম্যান নির্বাচনের বিশেষ সভা গ্রহণ করার আগেই রাজ্য প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। ভাইস চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হল কিনা, সে বিষয়ে ২ ডিসেম্বরের নির্দেশিকায় কোনও উল্লেখ নেই।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!