Home » বিকল্প পৌষমেলা নিয়ে বৈঠক বীরভূম জেলা প্রশাসনের 

বিকল্প পৌষমেলা নিয়ে বৈঠক বীরভূম জেলা প্রশাসনের 

সময় কলকাতা ডেস্কঃ পৌষ মেলার জন্য মাঠ দেবে না বিশ্বভারতী। ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্বপল্লির মাঠে হবে কি হবে না তা নিয়ে টানাপোড়েন চলছিলই। কার্যত সেকারণেই শুক্রবার বিকল্প পৌষমেলা নিয়ে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার তত্ত্বাবধানে একটি বৈঠক করল বীরভূম জেলা প্রশাসন। এদিন বোলপুর মহকুমা শাসকের দপ্তরের সভাকক্ষে বিকল্প পৌষমেলা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুরজিৎ দে সহ অন্যান্যরাও।

এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত হয়, এই বছর শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে হবে বিকল্প মেলাটি। সহযোগিতা করবে বোলপুর পুরসভা, বাংলা সংস্কৃতি মঞ্চ, কবিগুরু হস্তশিল্প মার্কেট ও শান্তিনিকেতন ট্রাস্ট। পাশাপাশি, পরিবেশ আদালতে নির্দেশে ২০১৭ সাল থেকে ঐতিহ্যবাহী পৌষমেলায় বাজি পোড়ানো বন্ধ হয়ে গিয়েছিল৷ সেই রীতি ফের ফিরিয়ে আনা হচ্ছে বিকল্প পৌষমেলায়। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

একইসঙ্গে বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন,‘বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে বৃহৎ আকারেই। চলতি মাসের ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা। এতদিন যেভাবে পৌষ মেলা হয়েছে ঠিক সেই রকম ভাবেই এই মেলার আয়োজন করা হবে। গ্রামীণ হস্ত শিল্পের সম্ভার, বিপণন এবং লোকশিল্পের সমন্বয়েই হবে এই মেলা।’ জানা গিয়েছে, বীরভূম জেলা প্রশাসন, জেলা পরিষদ, বোলপুর পুরসভা সহ অন্যান্য নানা সংগঠনের উদ্যোগেই আয়োজিত হবে এই মেলা। তবে,পৌষমেলাকে কেন্দ্র করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্যের সংঘাত অব্যাহত।

About Post Author