Home » বিধ্বংসী অগ্নিকাণ্ড ট্যাংরায় 

বিধ্বংসী অগ্নিকাণ্ড ট্যাংরায় 

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড ট্যাংরায়। সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে ট্যাংরার একটি প্লাস্টিক কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে হঠাৎই আগুন লাগে ওই প্লাস্টিক কারখানাটিতে। প্রচুর পরিমাণে প্লাস্টিকের কাঁচামাল ওই কারখানায় মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। প্লাস্টিক কারখানার পাশাপাশি রবার কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশের কারখানা থেকে কর্মীদের বের করে আনা হয়েছে। কারখানার ভিতরে কোনও কর্মী আটকে পড়েছে কিনা তাও দেখছেন দমকলকর্মীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আরও ইঞ্জিন ঘটনাস্থলে মজুত রাখা হয়েছে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন লেগেছে।

About Post Author