Home » নতুন বছরের শুরুটা কি জেলেই কাটবে পার্থ-অর্পিতার

নতুন বছরের শুরুটা কি জেলেই কাটবে পার্থ-অর্পিতার

সময় কলকাতা ডেস্ক: নতুন বছরের শুরুটা জেলেই কাটাতে হবে পার্থ-অর্পিতার। ফের ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। বুধবার টেট দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে নভারচুয়ালি আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এদিন পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানাননি।

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ইডির বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানেই বেআইনি লেনদেন সংক্রান্ত মামলা খারিজের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত। এদিন ভার্চুয়ালি এদিনের মামলার শুনানিতে ছিলেন তাঁরা। এদিনের শুনানিতেই পার্থর আইনজীবী আবেদন করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বেআইনি লেনদেনের মামলা করা হয়েছে তা খারিজ করা হোক। তিনি আরও বলেন, যে ধারায় এই মামলা করা হয়েছে তা একেবারেই যথাযথ নয়। পার্থর আইনজীবীর এই আবেদন গ্রহণ করেছে ইডির বিশেষ আদালত। আগামী ৩১ জানুয়ারি এই আবেদন সংক্রান্ত মামলার শুনানি।

About Post Author