Home » নলেনগুড় আর শিউলিকথা

নলেনগুড় আর শিউলিকথা

সময় কলকাতা ডেস্ক: শীতকাল মানেই নলেন গুড়। কিন্তু এই নলেন গুড় তৈরির নেপথ্যে রয়েছে শিউলিদের যন্ত্রনাদীর্ণ জীবনের কাহিনী।

খেজুরের গাছ থেকে যারা খেজুর রস সংগ্রহ করেন তাদের এক কথায় বলা হয় ‘শিউলি’। এই শিউলিদের জীবন বড়ই কঠিন। সংবৎসর তারা অন্যের জমিতে ক্ষেতমজুর কিংবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে সংসার চালান। শীত এলেই একটু বেশি উপার্জনের আশায় তারা নেমে পড়েন ঝুঁকিপূর্ণ এই থেকে নলেন গুড় তৈরির কাজে।

খেজুরের রস থেকে নলেন গুড় তৈরি একপ্রকার ক্ষুদ্র শিল্প হলেও এই শিল্প থেকে শিউলিদের উৎসাহ ক্রমশ হারিয়ে যাচ্ছে। উত্তর ২৪ পরগণার গোপালনগর এলাকায় হাতেগোনা দু-তিনজন শিউলি অবশিষ্ট রয়েছেন। প্রায় অর্ধ শতাব্দী ধরেই এই কাজের সাথে যুক্ত রয়েছেন নূতনগ্রামের চারুপদ সরকার। তিনি আশঙ্কা প্রকাশ করেন,- ‘শীত এলে একপ্রকার মনের টানে নলেন গুড় তৈরির কাজে নেমে পড়ি। খুব কষ্টসাধ্য এই কাজ। লোক দিয়ে কাজ করালে লাভ বলে কিছুই থাকেনা। আর পরিবারের কেউ নতুন করে এ কাজ শিখতে চায় না। তাই একদিন হয়তো সকলের অনাদর ও সহযোগিতার অভাবে শিউলিরা সত্যি সত্যিই হারিয়ে যাবে।’‌

শিউলিদের কথায়, এবছর ডিসেম্বরের, তৃতীয় সপ্তাহ চলে এলেও প্রকৃতির খামখেয়ালীপনা য় এখনও পর্যন্ত দেখা নেই শীতের।তাঁর প্রভাব পড়েছে খেজুর গাছে।মিলছেনা পর্যাপ্ত রস। সে কারণে এখনো পর্যন্ত খেজুর গাছ থেকে সন্তোষজনকভাবে রস পাওয়া যাচ্ছে না।ব্যহত হচ্ছে গুড় তৈরির কাজ।

শিউলিদের আশঙ্কা, একদিন হয়তো হারিয়ে যেতে পারে বাংলার এই প্রাচীন শিল্প।তবুও আশা-আকাঙ্ক্ষা নিয়ে সুদিনের আশায় আলো-আঁধারি দিন গুজরান করে চলেছেন শিউলিরা।

About Post Author