Home » হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে পোস্ট! গ্রেপ্তার অস্কারজয়ী অভিনেত্রী

হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে পোস্ট! গ্রেপ্তার অস্কারজয়ী অভিনেত্রী

সময় কলকাতা ডেস্কঃ ইরানের হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে পোস্ট করেছিলেন তারনেহ আলিদোস্তি নামে এক অভিনেত্রী। এই ঘটনার জেরেই ইরানে ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য় সেলসম্যান’-এ অভিনয়ের জন্য় প্রশংসিত হয়েছিল তারনেহ। এবার তাঁর বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য,হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন করায় ইরানে সদ্য গ্রেপ্তার হয়েছেন এক ফুটবলার। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগে হিজাব বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল তেহরানের আদালত। ঈশ্বরের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগেই ওই প্রতিবাদীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। হিজাব বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য এই প্রথমবার মৃত্যুর সাজা ঘোষণা করেছে ইরানের প্রশাসন।

জানা গিয়েছে,প্রতিবাদের সময়ে সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক আন্দোলনকারী ব্যক্তি। সেই জন্যই তেহরানের আদালত তাঁকে ‘ঈশ্বরের বিরুদ্ধে অপরাধে’ দোষী সাব্যস্ত করেছে। সাজা হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই প্রতিবাদীকে। সেই সঙ্গে আরও পাঁচ প্রতিবাদীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের অপর একটি আদালত। সব মিলিয়ে কুড়ি জন প্রতিবাদীর বিরুদ্ধে এমন মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলেই মৃত্যুদণ্ড দেওয়া হবে।

প্রায় দু’মাস ধরে হিজাব বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে ইরান। শুধুমাত্র হিজাব না পরার কারণে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ইরানের তরুণী মাহসা আমিনির। তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে গোটা ইরান। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে অন্তত সাড়ে তিনশোজন প্রতিবাদীকে হত্যা করেছে সেদেশের প্রশাসন। প্রায় পনের হাজার প্রতিবাদীকে নানা অভিযোগে আটক করা হয়েছে।

About Post Author