Home » আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তাল মালদহ

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তাল মালদহ

সময় কলকাতা ডেস্কঃ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা। ব্যাপক পরিমাণ দুর্নীতি করেছে তৃণমূল, এই অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। কিন্তু এবার উল্টো চিত্র। কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। আবাস যোজনার তালিকায় দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত উপ-প্রধানের। কংগ্রেসকে তীব্র খোঁচা তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর।

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটোকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অভিযোগ, আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত প্রধানের ভাই, উপ-প্রধানের বাবা এবং সদস্যদের একাংশের নাম রয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে এবং আর্থিক ভাবে বিত্তশালী।কিন্তু যাদের পাকা বাড়ি নেই,সরকারি খাস জমিতে বসবাস করে,দিন আনা দিন খাওয়া পরিবার। তাদের নাম নেই তালিকায়। এমনকি কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সেকেন্দার বক্সের বিরুদ্ধে তালিকায় নাম তোলার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ।

অভিযোগ কাটমানি দেওয়ার পরেও তালিকায় নাম আসেনি। টাকা ফেরত না পেলে জুতোর মালা পড়ে ঘোরানো হবে হুঁশিয়ারি দেয় গ্রামবাসীরা। প্রসঙ্গত, প্রত্যেক দিন সমগ্র হরিশ্চন্দ্রপুর এলাকায় আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে। দুর্নীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। রাস্তায় নেমে কংগ্রেসের প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এবার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে একই অভিযোগ ওঠায় পাল্টা তীব্র কটাক্ষ তৃণমূলের। সাধারণ মানুষের প্রশ্ন তবে কি প্রত্যেক দলই দুর্নীতি করবে? আর বঞ্চিত হতে হবে তাদের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।

About Post Author