সময় কলকাতা ডেস্কঃ ফের একবার বিভিন্ন ছুতোয় বাংলা ভাগের দাবি উস্কানো। এবার উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। যদিও তিনি জানান, ‘আমি তো কখনও বলিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। এটা মানুষের দাবি।’ এরপরেই জলপাইগুড়ির বিজেপি সাংসদ বলেন, ‘একটা সমীক্ষা করা হোক না। বা একটা গণভোট হোক। তাতেই স্পষ্ট হয়ে যাবে তামাম উত্তরবঙ্গের মানুষ কী চাইছে।’ তাঁর এও বক্তব্য, বেশিরভাগ মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত।
উল্লেখ্য, ২০২১ সালে আলিপুয়ারদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা প্রথম বলেছিলেন, উত্তরবঙ্গ পৃথক রাজ্য হবে। যদিও, কেন্দ্র সাফ জানিয়েছিল, রাজ্য ভাগ হবে না। কিন্তু, দেখা গিয়েছিল, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাওয়া জনকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। তারপর থেকেই বহু বিজেপি নেতাই নানা ছুতোয় আলাদা রাজ্যের দাবি উস্কে দিয়েছেন। সেই তালিকায় এবার উঠে আসলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও। যদিও, বিজেপি সাংসদের এই বক্তব্যের পর পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘বিজেপির সাংসদ একজন অর্বাচীন। ওঁর কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। ২০২৪-এ রেকর্ড ভোটে জলপাইগুড়ি আসন হারবে বিজেপি।’

প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে এই খবরও শিরোনামে আছে যে, কেন্দ্র উত্তরবঙ্গ ও বিহারের একাংশ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার ব্লুপ্রিন্ট করেছে। যদিও, এ বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট বার্তা, বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে শেষ পর্যন্ত লড়াই করবেন তিনি।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর