সময় কলকাতা ডেস্কঃ বাগনান খুন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার খুনের ঘটনায় ইতিমধ্যেই রিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিহত রিয়া কুমারীর দেহ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। আজ সেখানে গিয়ে রিয়ার দেহ ফরেন্সিক পরীক্ষা করা হবে। হাসপাতাল সূত্রে খবর, ফরেন্সিক দল হাসাপাতালে পৌঁছে যাবতীয় নমুনা সংগ্রহ করবে। জানা গিয়েছে, রিয়ার মাথার ডান দিকে কানের নীচে গুলি লেগেছিল। সেই অংশ এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে। সেখানকার চামড়াও নমুনা হিসেবে সংগ্রহ করবে ফরেন্সিক টিম।
প্রসঙ্গত, বুধবার সকালে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া কুমারী। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গাড়ি থেকেই উদ্ধার হয়েছে কার্তুজের খোল। গাড়ির ভিতর ঢুকে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে এমনটাই পুলিশের অনুমান। সে সময় গাড়িতে ঘুমিয়ে ছিলেন অভিনেত্রী। স্বামীর হাতে বন্দুক ছিল কিনা, সেটাও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই যে গুলি চালানো হলেও গাড়ির ভিতর রক্তের কোনও দাগ মেলেনি বলেই জানা গিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি না করা হলে, এভাবে কানের পিছন থেকে বুলেট ফুঁড়ে যেতে পারে না। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়ায় বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় তাকে।

জানা গিয়েছে, মৃত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার ঝাড়খণ্ডের অভিনেত্রী। ইউটিউবার হিসেবেও খ্যাতি রয়েছে অভিনেত্রীর। তাঁর স্বামী প্রকাশ ঝাড়খণ্ডের একজন চিত্র পরিচালক । প্রকাশ পুলিশকে জানিয়েছে, সামনেই মেয়ের জন্মদিন। তাই উপহার কিনতে ঝাড়খণ্ড থেকে কলকাতা আসছিলেন তারা। এই দাবি কতটা সত্য তা নিয়ে ধন্দে পুলিশ।

প্রকাশ পুলিশকে আরও জানিয়েছে, বাইরে থেকে ছিনতাইকারীরা গুলি চালায়। অথচ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির কাচ বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, গাড়ির কাঁচ অক্ষত অবস্থায় রয়েছে। এই খুনের পেছনে রয়েছে কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে কিনা তার তদন্তে পুলিশ।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা