Home » ফিরে দেখা-২০২২ খেলা

ফিরে দেখা-২০২২ খেলা

সময় কলকাতা ডেস্কঃ মেসির বিশ্বজয় আর বিসিসিআই সভাপতির পদ থেকে মহারাজের বিদায়। সময় কলকাতার পর্দায় ফিরে দেখা, খেলার ২০২২।

  • চিরনিদ্রায় লেগস্পিনের জাদুকর : অস্ট্রেলীয় ক্রিকেটে ইন্দ্রপতন।। তাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে একথা প্রথম জানায়। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। দেশের হয়ে মোট ১৪৫টি টেস্ট এবং ১৯৩ টি একদিনের ম্যাচ খেলেছেন ওয়ার্ন। ১৪৫ টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট ও ১৯৩ টি একদিনের ম্যাচে ২৯৩ টি উইকেট নেন তিনি। ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাইশ গজে রাজত্ব করেন ‘ওয়ার্নি’। অস্ট্রেলিয়ার ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পিছনে বড় অবদান ছিল ওয়ার্নের।  বিশ্বকাপের সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন ওয়ার্ন।  ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন লেগ স্পিনের জাদুকর। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত দাপিয়ে খেলেছেন ওয়ার্ন।  মাঠে কব্জির জাদু ,আর মাঠের বাইরে রঙিন জীবনের কারণে বারবার চর্চায় উঠে এসেছে তাঁর নাম। নারীসঙ্গ, মাদক, বিদ্রোহ, মাঠে ধূমপান-সহ একাধিক বিতর্কে নানা সময়ে নাম জড়িয়েছে ওয়ার্নের। এহেন বর্ণময় চরিত্রের অকাল প্রয়ানে শোকপ্রকাশ করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ থেকে প্রতিপক্ষ সকলেই।
  • সড়ক দুর্ঘটনায় প্রয়াত ‘মাঙ্কি গেট’ কাণ্ডের নায়ক : ফের অস্ট্রেলীয় ক্রিকেটে নক্ষত্র পতন। ১৪ই মে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রথম অভিষেক ঘটে এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার হয়ে মোট ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। ২০০৬ ও ২০১১ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৫০৮৮ রান। নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রানের পাশাপাশি ২৪টি উইকেট নিয়েছিলেন সাইমন্ডস। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিংয়ের জন্যও পরিচিত ছিলেন তিনি। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আইপিএলে ডেকান চার্জারের হয়ে খেলেছেন তিনি।  ক্রিকেট জীবনে বিতর্ক পিছু ছাড়েনি সাইমন্ডসের। কখনও মত্ত অবস্থায় মাঠে নেমেছেন, কখনও দলের মিটিংয়ের সময় মাছ ধরতে চলে গিয়েছেন। ভারতীয়রা সাইমন্ডসকে মনে রাখবেন ‘মাঙ্কি গেট’ বিতর্কের জন্য। এমন এক বর্ণময় চরিত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে।

 

  • আর্জেন্টিনার বিশ্বজয় : রাশিয়া বিশ্বকাপের মধুর প্রতিশোধ কাতার বিশ্বকাপের ফাইনালে। ৩৬ বছরের শাপমুক্তি। কাতারের মাটিতে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার।  ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় লা আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নাটকীয় প্রত্যাবর্তন ফ্রান্সের। মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে  গোল দুটি শোধ করেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। সংযুক্তি সময় ফের মেসির গোলে ব্যবধান বাড়িয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ফের গোল শোধ করেন এমবাপে। রুদ্ধশ্বাস লড়াই করেও পেনাল্টি শ্যুটআউটে হার মানতে হয় ফ্রান্সকে। চুরমার হয়ে যায় এমবাপের লড়াই।এই বিশ্বকাপে ৮ গোলে এমবাপের প্রাপ্তি গোল্ডেন বুট। গোল্ডেন গ্লাভস পান আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ।  বিশ্বকাপে সেরা প্রতিশ্রুতিমান ফুটবলার হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আর বিশ্বকাপে সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পুরস্কার পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসিদের বিশ্বকাপ জয়ে উৎসবে মাতে গোটা বিশ্ব।

 

  • টি-২০ তে ফের বিশ্বসেরা ইংল্যান্ড : ২০২২ সালটা স্মরণীয় হল না ভারতীয় ক্রিকেট দলের কাছে। সাড়া জাগিয়ে অভিযান শুরু করলেও, এবারও টি-২০ বিশ্বকাপ ঘরে আনতে ব্যর্থ টিম ইন্ডিয়া। কোভিড মহামারির কারণে সাময়িক স্থগিদ রাখা হয় পুরুষদের টি-২০ বিশ্বকাপ। চলতি বছরে অস্ট্রেলিয়ায় অষ্টম আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আসর বসে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য খেতাব জেতে ইংল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় রোহিত শর্মা-বিরাট কোহলিদের। যদিও টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৯৫ রান করে টুর্নামেন্টে সর্বাধিক রানের খেতাব জেতেন কোহলি।  ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট প্রাপক শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা ইংল্যান্ডের স্যাম কারেন।

 

  • মহারাজের অ-রাজকীয় পদস্খলন : মুখচোরা রজার বিনিকে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২ টা মহারাজকীয় হলনা প্রিন্স অফ কলকাতার কাছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে অপসারণ করা হল প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আরব সাগরের তীরে ১১ই অক্টোবর বোর্ডের শীর্ষ কর্তারা মহারাজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। সভাপতি বদল হলেও বোর্ড সচিব হিসেবে থেকে গিয়েছেন অমিত শাহ-পুত্র জয় শাহ। বোর্ড সূত্রের খবর, বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।  বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপসারণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দাদার পাশে দাঁড়িয়ে দিদির দাবি, রাজনীতির শিকার সৌরভ।

ক্রিকেটার সৌরভ একাধিকবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। নতুন বছরে প্রশাসক সৌরভের প্রত্যাবর্তন কি দেখা যাবে? অপেক্ষায় সৌরভ অনুরাগীরা।

 

  • টেনিস কোর্টকে রাজার বিদায় : টেনিসে ফেডেরার যুগের অবসান। দীর্ঘ দিন ধরেই চোটে ভুগছিলেন। অবশেষে সেপ্টেম্বরে লেভার কাপের পর প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নিলেন ৪১ বছরের সুইস টেনিস তারকা। রজার ফেডেরার টেনিস-ক্যারিয়ারে ৮ বার উইম্বলডন, ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, ৫ বার ইউএস ওপেন এবং  ১ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ২০১৪ সালে নিজের দেশের হয়ে জিতেছেন ডেভিস কাপ। ২০০৮ বেজিং অলিম্পিকে ডাবলসে সোনা ও সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো পান। এ ছাড়াও ছ’বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন ও তিন বার হপম্যান কাপ জেতার নজির গড়েছেন টেনিস কোর্টের ‘রাজা’। এহেন বর্ণময় চরিত্র ২০২২ এ টেনিস কোর্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। অবসরের দিন আবেগে চোখের জল নিয়েই  টেনিস কোর্ট ছাড়লেন ২০ টি গ্র্যান্ড স্লামের মালিক। রজারের বিদায়ের দিন বন্ধুকে চোখের জলে বিদায় জানালেন তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ রাফায়েল নাদাল।

 

  • ম্যানচেস্টারে রোনাল্ডো পর্বের ইতি: সুখকর হল না ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর প্রত্যাবর্তনের স্মৃতি। এক বছরের মধ্যেই মোহভঙ্গ। ২০২২ মরশুমের শুরু থেকে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে বিবাদে জডিয়ে পড়েন সিআরসেভেন। এই মরশুমে শুরু থেকে রোনাল্ডোকে বেঞ্চে রেখে দল সাজায় ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ। এতেই চোটে যান রোনাল্ডো। বিবাদ চরমে পৌঁছয় বছরের শেষে। ব্রিটিশ সাংবাদিক ও ধারাভাষ্যকার পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে ক্লাব নিয়ে ক্ষোভ উগড়ে দেন পর্তুগিজ তারকা। নিশানা করেন ক্লাবের বর্তমান কোচ এরিক টেন হ্যাগকেও। এরপর পর্তুগিজ তারকার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে ক্লাব কর্তৃপক্ষ। রোনাল্ডোর সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিন্ন করা হয়।
  • প্রথম আইপিএলে চমক গুজরাটের : আইপিএলের আবির্ভাবেই চমক গুজরাট টাইটানসের। ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন হার্দিক পান্ডিয়ারা। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট। ৩ উইকেট ও ৩৪ রান করে ম্যাচের সেরা হন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টে সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাজস্থানের জস বাটলার। ২০২২ সালটা স্মরণীয় হয়ে রইল গুজরাট টাইটানসদের কাছে।

 

  • বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের সোনা জয় : ফের ইতিহাস গড়েন ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া। লুসানে ডায়মন্ড লিগে সেরার খেতাব জেতেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব পান তিনি। ডায়মন্ড লিগে ৮৯.০৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে নজির গড়েন ভারতের সোনার ছেলে।

 

  • বাইশ গজকে আলবিদা মিতু – ঝুলনের : এবছরই ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই স্তম্ভ মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। একদিকে জাতীয় দলের জার্সিতে দলের ব্যাটিং লাইন আপকে নির্ভরতা দিয়েছেন মিতালি। এবছরই পরপর ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করে রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটের মিতু। অপরদিকে, দুইদশক ধরেই দলের বোলিং বিভাগকে নির্ভরতা জুগিয়েছেন “চকদা এক্সপ্রেস” ঝুলন। একই বছরে এই দুই মহাতারকার প্রস্থান যে ভারতীয় মহিলা ক্রিকেট দলে এক বিশাল শূন্যতা তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখেনা।

 

  • প্রজ্ঞার কীর্তি : তিনি ভারতীয় দাবার বিস্ময় বালক। এবছর আরও একটি নজির গড়েন ১৩ বছরের দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। অনলাইন ব্যাপিড চেস টুর্নামেন্ট এয়ারথিংস মাস্টার্সে অষ্টম রাউন্ডে বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে কার্যত উড়িয়ে দেন ভারতের খুদে গ্র্যান্ডমাস্টার। মাত্র ৩৯ চালে বাজিমাৎ করেন তামিলনাড়ুর এই দাবাড়ু। বিশ্বের ১ নম্বর দাবাড়ুকে এবছরই মোট তিনবার পরাজিত করেন প্রজ্ঞানন্দ। চলতি বছরেই অর্জুন পুরস্কারে ভূষিত হন এই খুদে দাবাড়ু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন প্রজ্ঞানন্দ।

 

  • বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের নিখাত সোনা : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস নিখাত জারিনের। এই টুর্নামেন্টের ৫২ কেজি বিভাগে সোনা জেতেন ২৫ বছরের এই ভারতীয় বক্সার। পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে এই নজির স্থাপন করেন নিখাত। ফাইনালে থাইল্যান্ডের প্রতিপক্ষ জিটপং জুটামাসকে ৫-০ ব্যবধানে পরাস্ত করে করে নিখাতের সোনা জয়।

 

  • ইতিহাসের সাক্ষী ভারতীয় ব্যাডমিন্টন দল : ২০২২ এ ইতিহাসের সাক্ষী ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। প্রথমবারের জন্য থমাস কাপে স্বর্ণপদক জিতে নজির গড়ে ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারায় ৩-০ ব্যবধানে। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের এই সাফল্যে গর্বিত দেশের প্রধামন্ত্রী থেকে সাধারণ মানুষ।

 

  • বেতন বৈষম্য ঘোচাল বিসিসিআই : বিসিসিআইয়ের ঐতিহাসিক সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট দলে আর থাকবে না বেতন বৈষম্য। পুরুষ ক্রিকেটারদের সমপরিমাণ বেতন এবার থেকে পাবেন মহিলা ক্রিকেটাররাও। অক্টোবর মাসে এই যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্য দূর করতে এই বিসিসিআইয়ের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রিকেট মহল।

 

  • টেবিল টেনিসে মনিকার নজির : এশিয়ান গেমস টেবিল টেনিসে ইতিহাস ভারতের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমস টেবিল টেনিসে পদক জেতেন মনিকা বাত্রা। ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের ৬ নম্বর জাপানের হিনা হায়াতাকে ৪-২ ব্যবধানে হারান ভারতীয় প্যাডলার। চেতন বাবুরের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এশিয়া গেমসের টেবিল টেনিসে এই সাফল্য পান ২৭ বছরের ভারতীয় মহিলা প্যাডলার।

 

  • ২০ ওভারে এশিয়া সেরা শ্রীলঙ্কা : টি – ২০ ফরম্যাটে এশিয়ার সেরা শ্রীলঙ্কা। ষষ্ঠ বারের জন্য এশিয়া সেরার তকমা পায় শ্রীলঙ্কা। ফাইনালে পাকিস্তানকে হারায় ২৩ রানে। ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে সানাকার দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানে শেষ হয় যায় পাকিস্তানের ইনিংস। অর্ধশত রান করে ম্যাচের সেরা হন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। আর গোটা টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

  • জোকারের রেকর্ড : টেনিস কোর্টে নতুন রেকর্ড গড়েন নোভাক জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে ৮০টি সিঙ্গলস ম্যাচ জেতেন এই সার্বিয়ান টেনিস তারকা। পাশাপাশি, এবছরই উইম্বলডনে পুরুষদের খেতাব জেতেন তিনি। এনিয়ে টানা চারবার উইম্বলডনে পুরুষদের খেতাব জেতেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা। সব মিলিয়ে ২০২২ সালটিকে স্মরণীয় করে রাখলেন টেনিস কোর্টের ‘জোকার’।

 

  • লাল মাটিতে রাফার প্রত্যাবর্তন : রোলাঁ গারোয় ফের রাফা রাজ। ফরাসি ওপেন টেনিসের পুরুষ সিঙ্গলের শিরোপা জেতেন রাফায়েল নাদাল। এনিয়ে ১৪ তম ফরাসি ওপেন জিতলেন ক্লে কোর্টের রাজা। ফাইনালে নরওয়ের অষ্টম বাছাই ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা। গত বছর একটিও মেজর ট্রফি জিততে পারেননি, জীবনের ২২ তম গ্র্যান্ডস্লাম জিতে বাইশেই প্রত্যাবর্তন হল ৩৬ বছরের নাদালের।

 

  • জকোভিচ বনাম অস্ট্রেলিয়া সরকার : সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের কোভিড ভ্যাকসিনে আপত্তি। ভ্যাকসিন না নেওয়ায় জন্য অস্ট্রেলিয়ান ওপেনে বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস তারকাকে খেলার ছাড়পত্র দেয়নি অস্ট্রেলিয়ার সরকার। বিশ্বের প্রাক্তন ১ নং টেনিস তারকাকে প্রথমে অস্ট্রেলিয়া আসার জন্য ভিসা অনুমোদন করা হয়। মেলবোর্নে আসার পর অস্ট্রেলিয়া সরকারের তরফে তা প্রত্যাহার করা হয়। জোকার – অসি সরকারের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত গ্র্যান্ডস্লাম না খেলেই দেশে ফিরতে হয়েছিল জকোভিচকে।

 

  • অন্ধকার ও অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল : ভারতীয় ফুটবলের অন্ধকার অধ্যায়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা। চরম অনিশ্চয়তায় পরে যায় দেশের ফুটবল। কিন্তু মাস কাটার আগেই ভারতীয় ফুটবলকে নির্বাসন মুক্ত করে ফিফা। নির্বাসন উঠে যাওয়ায় ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্ব কাপ অনুষ্ঠিত হওয়ার আর কোনও বাধা রইল না।

 

  • নতুন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে : ফিফার নির্বাসন উঠে যাওয়ায় এবছর সেপ্টেম্বর মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন হয়। গুজরাট ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন দেশের প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। প্রতিপক্ষে মনোয়ন জমা দেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। নির্বাচনে ৩৩-১ ব্যবধানে বাইচুংকে হারিয়ে নতুন এআইএফএফের নতুন সভাপতি হন কল্যাণ চৌবে।

 

  • মেসি-রোনাল্ডো হীন ব্যালন ডিঅর বেঞ্জেমার : ৬৬তম ব্যালন ডি’অর অনুষ্ঠান ঘিরে চাঁদের হাট প্যারিসে। এবছর অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরাসি টেলিভিশন অ্যাঙ্কর স্যান্ডি হেরিবার্ট। সঙ্গে ছিলেন আইভরি কোস্ট ও চেলসির প্রাক্তন ফুটবলার দিদিয়ের দ্রগবা। সাম্প্রতিক সময়ের নিরিখে এই প্রথম ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি মেসি ও রোনাল্ডোর। পুরুষদের ব্যালন ডি’অর খেতাব পান রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেঞ্জেমা। বেঞ্জেমার হাতে এই পুরস্কার তুলে দেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। মহিলাদের ব্যালন ডি’অর পুরস্কার পান বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বর্ষসেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার জেতেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার গাবি। গাবির হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও। সামাজিক কর্মকাণ্ডের জন্য সক্রেটিস পুরস্কার পান বায়ার্ন মিউনিখের ফুটবলার সাদিও মানে। গত মরশুমে ৫৭ গোল করে গার্ড মুলার ট্রফি পান বার্সেলোনার পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। লেভ ইয়াসিন নামাঙ্কিত সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবু কুর্তোয়া। বর্ষসেরা ক্লাবের পুরস্কার জেতে পেপ গুয়ারদিওলার ম্যাঞ্চেস্টার সিটি।

About Post Author