Home » আবাস যোজনার দূর্নীতি নিয়ে প্রকাশ্যে কি বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি?

আবাস যোজনার দূর্নীতি নিয়ে প্রকাশ্যে কি বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি?

সময় কলকাতা ডেস্কঃ “১০ হাজার টাকা এলে সবাই সমান ভাগ পায়”, আবাস যোজনার দূর্নীতি নিয়ে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পাড়ুই থানার সাত্তোর অঞ্চল সভাপতি আনোয়ার সিকদারের বিস্ফোরক দাবির ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ আবাস যোজনার বাড়ি কোথায় প্রশ্ন তোলেন দলের অন্যান্য নেতারা৷ সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তখনই টাকার ভাগ সবাই পায় বলে সাফাই দেন তিনি।

রাজ্যের দিকে দিকে আবাস যোজনার দূর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে৷ প্রকৃত প্রাপকেরা আবাস যোজনার বাড়ি পায়নি বলে বিক্ষোভও হয়েছে। কেন্দ্র সরকারের প্রতিনিধি দল অভিযোগগুলি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে৷ সেই সময় দেখা গেল বীরভূমের তৃণমূল নেতার বিস্ফোরক স্বীকারোক্তি।

বোলপুর বিধানসভার অন্তর্গত সাত্তোর অঞ্চল তৃণমূল সভাপতি আনোয়ার সিকদারকে ঘিরে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখায়৷ রাস্তার ধারেই আবাস যোজনার বাড়ি কেন প্রকৃত প্রাপকেরা কেন পাচ্ছে না প্রশ্ন তোলা হয়৷ এমনকি, আবাস যোজনার বাড়ির টাকা অঞ্চল সভাপতি আত্মসাৎ করে নেন বলেও অভিযোগ করেন এক নেতা৷ সেই সময় বেশ কিছুটা উত্তেজিত হয়ে সাত্তোর অঞ্চল সভাপতি আনোয়ার সিকদারকে বলতে শোনা যায়, “এই রকম কথা বলবে না৷ টাকা সবাই পায়৷ ১০ হাজার টাকা এলে সবাই সমান ভাগ পায়৷ তুমিও পাও বাকিরাও পায়।”

আবাস যোজনার বাড়ির টাকা কিভাবে নিজেদের মধ্যে বন্টন হয় তা কার্যত প্রকাশ্যেই বললেন তৃণমূল নেতা৷ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

About Post Author