সময় কলকাতা ডেস্ক, ২রা জানুয়ারি: গঙ্গাসাগরে ভিআইপি টেন্টে আগুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের থাকার জন্য এই টেন্টটি তৈরি করা হয়েছিল। আগুনের কারণে টেন্টের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তার পর শুরু হয়ে যাবে এই মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসারও কথা রয়েছে দু’একদিনের মধ্যে। তারমধ্যেই এই আগুন চিন্তায় ফেলেছে প্রশাসনিক কর্মকর্তাদের।
তবে ঠিক কিভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ত্রিপল, প্লাইউড ও কার্ডবোর্ড দিয়ে তৈরি এই টেন্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
সাগরের বামনখালি স্কুল মাঠের এই ভিআইপি টেন্টে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে দ্রুত বের করে আনা হয় প্রয়োজনীয় সামগ্রী।
এ নিয়ে এক প্রত্যক্ষ্যদর্শী বিশ্বজিৎ খাটুয়া জানান, টেন্টে আগুন লাগার খবর শুনে স্থানীয়রাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে বলে মনে করছেন তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী