সময় কলকাতা ডেস্ক,২ জানুয়ারিঃ বন্যা ত্রাণ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। গ্রেপ্তার মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়োই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর এলাকার স্থানীয় তৃণমূল নেতা রাসেদ পারভেজ ওরফে রাজা। তৃণমূল নেতা গ্রেফতারের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিরোধীদের। আইন আইনের পথে চলবে অপরাধ করলে কেউ বাঁচবে না পাল্টা সাফাই তৃণমূলের।

উল্লেখ্য, ২০১৭ সালে সমগ্র হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় ক্ষতি-গ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই ক্ষতি-পূরণের টাকা নিয়েই ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি প্রশাসনের পক্ষ থেকেই জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করা হয় কয়েকজনের বিরুদ্ধে। আদালতের রায়ে গ্রেপ্তার হয় শাসকদল পরিচালিত বড়োই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা সহ আরও বেশ কয়েকজন। কিন্তু এই বন্যা-ত্রাণ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ জয়শ্রী কর্মকার এবং তার স্বামী তৃণমূল নেতা বাপি পাল এখনো অধরা। পুলিশের খাতায় তারা পলাতক। এই দিকে অভিযুক্ত এই দুজনকে বারবার শাসকদলের বিভিন্ন জনসভায় প্রকাশ্য মঞ্চে দেখা যাচ্ছে। এমনকি কিছু দিন আগে বাপি পাল রেশন ডিলারশিপ পায়। বিরোধীরা প্রশ্ন তোলে পুলিশের খাতায় যে পলাতক সে কি ভাবে রেশন ডিলারশিপের জন্য পুলিশ ভেরিফিকেশন পেয়ে গেল। এই দিকে এই মামলাতেই গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত রাসেদ পারভেজকে। তারপরেই বিরোধীদের প্রশ্ন জয়শ্রী কর্মকার এবং বাপি পাল কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তবে কি রাঘব বোয়ালদের আড়াল করতেই চুনোপুটিদের সামনে আনা হচ্ছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সম্পাদক মন্ডলির সদস্য সুজিত সাহা এবং বিজেপির মালদা জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া। যদিও রাজ্য তৃণমূলের সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, কেউ দুর্নীতি করলে ছাড়া পাবে না। প্রশাসন তার নিজের কাজ করবে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অস্বস্তিতে রাজ্যের শাসকদল।

এদিকে,গতকালই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুর্নীতিগ্রস্তদের দলে ঠাঁই হবে না। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই সক্রিয় পুলিশ? বন্যা-ত্রাণ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হবে সকল অভিযুক্তরা?ন্যায় বিচার পাবে সর্বহারা মানুষগুলো? নাকি রাজনীতির যাঁতাকলে মানুষের স্বার্থ ফের ধামাচাপা পড়ে যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঞ্চিত পরিবার গুলোর মনে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী