সময় কলকাতা ডেস্ক,৩ জানুয়ারিঃ ভারত জোড়ো যাত্রা দক্ষিণ পেরিয়ে উত্তরে পা রেখেছে। মঙ্গলবার ভারত জোড়ো যাত্রার জন্য রাহুল গান্ধিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। শারীরিক ভাবে এই কর্মসূচিতে পা মেলানোর ইচ্ছা থাকলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে এই যাত্রায় অংশ নিতে পারছেন না রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত। এদিন রাহুল গান্ধির সঙ্গে এই যাত্রায় পা মেলালেন রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধীও।

গত বছর আশাতীত সাফল্য পেয়েছে রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা। নববর্ষের প্রাক্কালে সাময়িক বিরতির পর ফের শুরু হয়েছে এই কর্মসূচি। মঙ্গলবারই এই যাত্রা প্রবেশ করল উত্তরপ্রদেশে।
এক সময় এই রাজ্যে রমরমা ছিল কংগ্রেসের। উত্তর ভারতের বৃহত্তম রাজ্য থেকেই জিতে লোকসভায় গিয়েছিলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে বর্তমানের সনিয়া গান্ধি, রাহুল গান্ধি। গান্ধি পরিবারের তিনজন সদস্য এই রাজ্য থেকে জিতেই দেশের মসনদে বসেছেন। তবে সময়ের সঙ্গে গঙ্গা-পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে এই রাজ্য। অযোধ্যার রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে দেশের রাজনীতি তোলপাড় হয়েছে কয়েক দশক। রামমন্দির আন্দোলন এক সময় বিজেপির মরা গাঙে বান এনেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। এখন উত্তরপ্রদেশ বিজেপির গড়। এখানে গতবছর দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে গেরুয়া ব্রিগেড। অনেক বিজেপি সমর্থক এই রাজ্যকে ভালোবেসে যোগীরাজ্য বলেন। সেখানে মঙ্গলবার প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা। নেতৃত্বে আরও এক গান্ধি। সেই কর্মসূচির প্রাক্কালে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে শুভেচ্ছাবার্তা জানলেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

তিনি লিখেছেন, ‘আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ সকলের মঙ্গল করবে। ভগবান রামের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে।’ তিনি এই যাত্রায় পা মেলানোর ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু শারীরিক প্রতিকূলতার কারণে তিনি এই কর্মসূচিতে শারীরিক ভাবে অংশ নিতে পারবেন না। পাশাপশি রাহুল গান্ধির দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেছেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পিছনে বিজেপি নিজেদের অবদানের কথা দাবি করে। বিজেপির ছোট বড় মাঝারি নেতারা প্রকাশ্য জনসভা থেকে রাম মন্দির নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সেখানে রাম জন্মভূমির প্রধান পুরোহিতের রাহুলকে লেখা এই চিঠি যে পদ্মশিবিরকে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষা রাখেনা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?