সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ বাক স্বাধীনতার প্রশ্নে বিধায়ক, সাংসদদের উপরে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করার দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। বাক স্বাধীনতা সংক্রান্ত সংবিধানের ১৯(১)(এ) ধারাই কার্যকর হবে তাঁদের জন্যও, যেমনটা সাধারণ মানুষের ক্ষেত্রেও কার্যকর। এমনটাই রায় দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চের। জনপ্রতিনিধিরা কী বলতে পারেন, কী পারেন না। তাঁদের বাক স্বাধীনতায় কোনও বিধিনিষেধ জারি করা উচিত কিনা। এই সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে।
উল্লেখ্য, অতীতে বেশ কিছু এমন ঘটনা সামনে এসেছে যেখানে জনপ্রতিনিধিদের বক্তব্য উসকানির কাজ করেছে। যার মধ্যে অন্যতম কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করার বিধান। ২০১৭ সালের ৫ অক্টোবর তেমনই এক মামলার শুনানিতে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ বিষয়টি সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠায়। সদ্য শেষ হওয়া বছরের ১৫ নভেম্বর এই মামলার রায় সংরক্ষিত করে সাংবিধানিক বেঞ্চ। সেদিনই মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি বি ভি নাগরত্ন বলেছিলেন, জনপ্রতিনিধি হোন বা সরকারী কর্মচারি। সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেক মানুষের যেমন বাক স্বাধীনতা আছে, তেমনই অনুচ্ছেদ ১৯(২) মোতাবেক কারও এমন কোনও মন্তব্য করার অধিকার নেই, যার জেরে অন্য সহ নাগরিকের সম্মানহানি হয়। তাই আলাদা করে কোনও কোড অব কন্ডাক্টের প্রয়োজন নেই। মঙ্গলবার রায়দানের সময় বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বাধিন পাঁচ বিচারপতির বেঞ্চ এই কথাই জানিয়েছে। তবে আদালত জানিয়েছে, একজন জনপ্রতিনিধি যদি বাক স্বাধীনতার নামে আইন লঙ্ঘন করেন। যা থেকে বিশৃঙ্খলা তৈরি হয়, তবে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত