Home » শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট

শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক,৩ জানুয়ারিঃ শুভেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। ১৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও মামলায়, কোনও ধরনের কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শুভেন্দুর মামলার শুনানি ছিল। আদালত এদিন জানিয়েছে, কাঁথির টেন্ডার দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতেও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গত বছর নভেম্বরে শুভেন্দুকে স্বস্তি দিয়ে হাইকোর্ট বলেছিল, আগের মামলাতে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সেইসঙ্গে এও বলেছিল, নতুন কোনও মামলাতেও বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। শুভেন্দুর আইনজীবীরা আদালতে বলেন, ২৯ নভেম্বর এই নির্দেশ দেওয়ার ঠিক আগের দিন, ২৮ নভেম্বর টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়ানো হয় শুভেন্দুর। সেই তথ্য আদালতে গোপন করেছে রাজ্য। এ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি সেই শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ মাসে ২৬টি এফআইআর দায়ের করে পুলিশ। এই একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আদালতে তাঁর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই। বৃহস্পতিবার এরপরই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেন বিচারপতি।
শুভেন্দু অধিকারীর আইনজীবী এ বিষয়ে জানান, ‘এ নিয়ে তৃতীয়বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর হচ্ছে। যে কোনও বিষয়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। যদিও আদালতের নির্দেশ ছিল, কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল।’

About Post Author