সময় কলকাতা ডেস্ক,৫ জানুয়ারিঃ বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনা থেকে হেলিকপ্টারে রাজ্যের উত্তর প্রান্ত চম্পারণে গিয়েছেন। সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত ভূমি থেকে তিনি তাঁর ‘সমাধান যাত্রা’ শুরু করেছেন। পাটনায় এখন হাঁড় কাঁপানো ঠান্ডা। চম্পারণ সহ রাজ্যের ২৫টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। বুধবার সেখানেই প্রশাসনিক বৈঠকের পর সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জানা গিয়েছে, এইভাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের সব জেলায় যাবেন নীতীশ। সফরের উদ্দেশ্য, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে দ্রুত সমাধান করা। স্বাভাবিকভাবেই বিহারের মুখ্যমন্ত্রীর এই আচমকা জেলা সফর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নীতিশকে তাঁর পার্টি জনতাদল ইউনাইটেড ২০২৪-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রার্থী হতে বলেছে। এ জন্য বিরোধী জোট গড়তে তাঁর রাজ্য সফরে বের হওয়ার কথা। অথচ রাজ্য সফর ফেলে নীতিশ নিজের রাজ্যবাসীর ‘মন কি বাত’ শুনতে তড়িঘড়ি জেলা সফরে বের হলেন। রাজনৈতিক মহলের মতে, জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বিজেপির মেগা কর্মসূচি। রাজ্যের প্রতিটি লোকসভা আসনে একটি করে মেগা র্যালির আয়োজন করছে গেরুয়া শিবির। পালা করে হাজির থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথেরা।

অন্যদিকে, ‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসাবে বিহারেও ‘সম্প্রীতি যাত্রা’ শুরু করতে চলেছে কংগ্রেস। বৃহস্পতিবার সেই যাত্রার সূচনা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। যাত্রা চলাকালে সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কাদের দিয়ে সভা করানোর পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। আর ঠিক এই সময় রাজ্যবাসীর ক্ষোভের ক্ষতে মলম দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর