সময় কলকাতা ডেস্ক,৭ জানুয়ারিঃ পাখির চোখ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। এবার সেই নির্বাচনকে লক্ষ্য করে, দুর্নীতি ও বেকারত্বের মতো দু’টি জ্বলন্ত ইসুকে সামনে রেখে, মেঘালয়ে পরিবর্তনের ডাক দিয়ে ৬০ আসনের মধ্যে দলের ৫২ প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। বাকি ৮টি আসনেও প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা ও রাজ্য সভাপতি চার্লস পিংরোপ। যদিও এখনও পর্যন্ত মেঘালয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই ভিনরাজ্যে ভোট ঘোষণার আগেই দলের প্রার্থী ঘোষণা এক কথায় নজিরবিহীন।
ইতিমধ্যেই প্রথম দফার তালিকায় প্রার্থীদের মধ্যে বর্তমান ৮ বিধায়ক ও ৭ জন এমডিসিকে তেইশের বিধানসভা ভোটে টিকিট দিয়েছে তৃণমূল। বাকিগুলিতে প্রাধান্য দেওয়া হয়েছে স্থানীয় আবেগকে। মেঘালয়ে রাজ্য সরকারের নিচে ডিস্ট্রিক্ট কাউন্সিলও রয়েছে। তাঁদের মধ্যেই ৭ জনকে বিধানসভা ভোটে টিকিট দেওয়া হয়েছে। বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা মুকুল সাংমা তার মধ্যে তাঁর বর্তমান কেন্দ্র সংসাকের পাশাপাশি তিকরিকিল্লা কেন্দ্র থেকেও লড়বেন। মহিলা প্রার্থী রয়েছেন পাঁচজন। দলীয় সূত্রে খবর, ভোটের মুখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের মেঘালয় সফরে যেতে পারেন। যাবেন দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আগামী ২১ জানুয়ারি ৫০ বছর বয়স হবে মেঘালয়ের। রাজ্য গঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে কার্যত শুরু হয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল তৃণমূলের পরিবর্তনের প্রচার। এর আগে মেঘালয় সফরে গিয়ে ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে নিহত পাঁচ ও আহত দুই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কর্মিসভায় পাঁচ মহিলার হাতে প্রতীকী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দিয়ে তিনি বলেন মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলার মতো সামাজিক প্রকল্প হবে উন্নয়নের হাতিয়ার। স্বাভাবিকভাবেই, রাজনৈতিক মহলের মতে শুরুতেই মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা। ইতিমধ্যেই কয়েক দফায় মেঘালয় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি।

প্রসঙ্গত,সামনেই ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!