Home » ২৩ কোটি টুইটার অ্যাকাউন্টের তথ্য ফাঁস! চাঞ্চল্য

২৩ কোটি টুইটার অ্যাকাউন্টের তথ্য ফাঁস! চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: ২৩ কোটিরও বেশি টুইটার অ্যাকাউন্টে থাকা তথ্য ও গ্রাহকদের ইমেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে ! একটি অনলাইন হ্যাকিং ফোরামে সমস্ত তথ্য প্রকাশ করে দিয়েছে হ্যাকাররা। এমনই বিস্ফোরক দাবি  করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এই খবরে স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। ২ সপ্তাহ আগে এই হ্যাকিংয়ের রিপোর্ট প্রকাশ্যে এসেছে । সব মিলিয়ে ২৩ কোটি ৫০ লক্ষ টুইটারের তথ্য ফাঁস হয়েছে বলে দাবি। ইমেল অ্যাড্রেস হাতিয়ে নিয়ে পাসওয়ার্ড পালটে হ্যাকাররা সেগুলির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়েও জানা গিয়েছে বহু টুইটার অ্যাকাউন্ট ও তার ইমেল বা ফোন নম্বরের মতো তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকাররা। রীতিমতো বাজারে সেই সব তথ্য বিক্রি করে দেওয়া হয়েছে। সেবার প্রায় ৫০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টের কথা জানা গিয়েছিল। এবার অবশ্য তার চেয়ে বহুগুণ বেশি তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিঃসন্দেহে চাপে ফেলবে এলন মাস্ককেও ।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি। তারপর থেকেই নানা সমস্যায় বিপর্যস্ত মাস্ক।

About Post Author