Home » নয়া চমক টুইটারে

নয়া চমক টুইটারে

সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি: টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন এলন মাস্ক। এবার আয় বাড়াতে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন এলন। মঙ্গলবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তিন বছর আগে টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা শিথিল করার কথা। বর্তমানে আর্থিক সংকটে ভুগছে টুইটার। তিন বছর আগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে টুইটারের আয় অনেকটাই বাড়বে বলে আশাবাদী সংস্থার মালিক।

উল্লেখ্য, ২০১৯ সালে ফেসবুকের পথে হেঁটে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের ঘোষণা করেছিল টুইটার। সেইসময় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজনৈতিক নেতাদের উচিত কোনও বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা অর্জন করা, সেটা কেনা নয়। এই মর্মেই রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author